বাঘ মারলে ১২ বছর কারাদণ্ড, ৫০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৩ সালের বন্য প্রাণী সংরক্ষণ আইন বাতিল করে নতুন আইন করছে সরকার। ইতিমধ্যে নতুন আইনের খসড়া চূড়ান্ত করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। সংসদের আগামী অধিবেশনে তা বিল আকারে উত্থাপন করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।প্রস্তাবিত আইনে কেউ ইচ্ছাকৃত বা ব্যবসায়িক উদ্দেশ্যে বাঘ মারলে বা এর কোনো অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির জন্য পরিবহন করলে ১২ বছর কারাদণ্ড অথবা সর্বনিম্ন ৩০ লাখ এবং সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। হাতি হত্যা করলে বা এর দাঁত বা অন্য অঙ্গ পরিবহন করলে সাত থেকে ১০ বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন ১০ ও সর্বোচ্চ ২৫ লাখ টাকা জরিমানা করা যাবে। চিতা বাঘ, লাম চিতা, উল্লুক, সাম্বার হরিণ, কুমির, ঘড়িয়াল, তিমি ও ডলফিন হত্যা ও অঙ্গ-প্রত্যঙ্গ পরিবহন করলে দুই থেকে ছয় বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন সাত লাখ থেকে সর্বোচ্চ ১৫ লাখ টাকা জরিমানার বিধান প্রস্তাব করা হয়েছে। আইনের খসড়ায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি বিষটোপ দিয়ে বিপদাপন্ন পাখি বা পরিযায়ী পাখি বা বন্য প্রাণী হত্যা করে বা অঙ্গ-প্রত্যঙ্গ পরিবহন করে, তাহলে দুই থেকে ছয় বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন তিন লাখ থেকে সর্বোচ্চ সাত লাখ টাকা জরিমানা করা যাবে। প্রতিটি ক্ষেত্রেই উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।নতুন আইনে বন কর্মকর্তার তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করার ক্ষমতা প্রস্তাব করা হয়েছে।বন্য প্রাণী সংরক্ষণের জন্য প্রণয়ন করা হলেও এই আইনে বন্য প্রাণীর আবাসস্থল রক্ষার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। মোট ৮১ ধারা এবং তিনটি তফসিলের মাধ্যমে ঘোষিত বাংলাদেশে এই প্রথম কোনো আইনে পবিত্র উদ্ভিদ, কুঞ্জবন, জনগোষ্ঠীর মাধ্যমে সংরক্ষিত ঐতিহ্যগত বন, বনভূমির ওপর জনগোষ্ঠীর প্রথাগত অধিকার, ইকোপার্ক, আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য সনদ (১৯৯২), আগ্রাসী ও এলিয়েন প্রজাতির গাছের বিষয় উল্লেখ করা হয়েছে।পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, আইনটি প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশে বন্য প্রাণী সংরক্ষণে যুক্ত সরকারি-বেসরকারি সব পক্ষের মতামত নেওয়া হয়েছে। সংসদে তোলার আগে যে কেউ এ ব্যাপারে আরও মতামত দিতে পারবেন।খসড়া আইনের পঞ্চম অনুচ্ছেদে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা, জাতীয় ঐতিহ্যবাহী, স্মারক ও পবিত্র বৃক্ষ সংরক্ষণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। ‘স্মারক বৃক্ষ’ বলতে ঐতিহ্যবাহী বৃক্ষ বা পুরোনো বয়স্ক দেশীয় উদ্ভিদ বা শতবর্ষী বৃক্ষ বোঝানো হয়েছে। বলা হয়েছে, এটা এমন উদ্ভিদ যার যথেষ্ট সামাজিক, সাংস্কৃতিক ও সংরক্ষণ মূল্য আছে। কিন্তু প্রাণবৈচিত্র্য বিশেষজ্ঞরা বলছেন, পবিত্র বৃক্ষের তালিকা থেকে তুলসী ও বটের মতো পবিত্র বৃক্ষের কথা উল্লেখ নেই। নেই জীববৈচিত্র্য সংরক্ষণকারী আদিবাসীদের কোনো প্রসঙ্গ।আইনের চতুর্থ অনুচ্ছেদের ১৭ এবং ১৮ ধারায় ‘বননির্ভর জনগোষ্ঠীর’ অস্তিত্ব স্বীকার করা হয়েছে। এতে বনের ওপর তাদের প্রথাগত অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আইনের চতুর্থ অনুচ্ছেদের ২১ ধারায় ‘সহ-ব্যবস্থাপনার’ প্রসঙ্গ উত্থাপন করা হয়। বলা হয়েছে, সরকার কোনো নির্দিষ্ট অভয়ারণ্যে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে বন বিভাগ ও স্থানীয় জনসাধারণের ঐকমত্যের ভিত্তিতে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার উদ্যোগ নিতে পারবে।আইনটি প্রণয়নের সঙ্গে যুক্ত বাংলাদেশ ওয়াইল্ড লাইফ ট্রাস্টের প্রধান নির্বাহী আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রস্তাবিত আইনে বন ও বনের বাইরে থাকা বন্য প্রাণী রক্ষায় সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। তবে সংশ্লিষ্ট অন্য আইনের সঙ্গে এ আইনটির সামঞ্জস্য রাখতে হবে। জরিমানা বৃদ্ধির ফলে বন্য প্রাণীর ওপর আক্রমণ আগের চেয়ে কমবে বলেও তিনি মনে করেন।তবে প্রাণবৈচিত্র্য গবেষক পাভেল পার্থের মতে, প্রস্তাবিত আইনে বন্য প্রাণী হত্যার জন্য যে শাস্তির বিধান রাখা হয়েছে, তা বনজীবী ও আদিবাসীদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বন্য প্রাণী হত্যা ও পাচারের সঙ্গে যারা সরাসরি জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি আইনে রয়েছে। কিন্তু পেছনে থেকে যারা এই কাজ করায় বা যারা অবৈধ বন্য প্রাণী ও অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি আইনে অন্তর্ভুক্ত করা হয়নি।তফসিল থেকে অনেকেই বাদ: প্রাণবৈচিত্র্য বিশেষজ্ঞরা আইনটিতে ‘পবিত্র বৃক্ষ’ বিষয়টি যুক্ত হওয়াকে অসাম্প্রদায়িক চেতনার প্রকাশ হিসেবে উল্লেখ করে বলেন, আইনে উদ্ভিদ ও প্রাণীর যে তালিকা তফসিল আকারে যুক্ত করা হয়েছে, তাতে দেশের সব পবিত্র উদ্ভিদ ও প্রাণীর নাম নেই।চাঁপাইনবাবগঞ্জের নাচোলের সুড়লা মৌজার সাবেক ৪৬৩ ও হাল ৫০২ দাগের ৮১ শতক জমিতে তেভাগার রক্তাক্ত ভূমি আন্দোলনের সাক্ষী তেঁতুলগাছের মতো পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ মারমা ও তঞ্চংঙ্গ্যা গ্রামে তেঁতুলগাছ এখনো সামাজিকভাবে ঐতিহাসিক স্মারক হিসেবে টিকে আছে। এই ঘরানার উদ্ভিদগুলোকে আইনের তফসিলে যুক্ত করা হয়নি।সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, আইনের ২ নম্বর তফসিলের ৫৭টি বৃক্ষের তালিকায় তেঁতুল, বট, মহুয়া, পদ্ম, ফণীমনসা, অশ্বত্থ, পাকুড়, ডুমুর, শেওড়া, শাল, সুন্দরী, বকুল, হিজল, তমাল, করচ, তুলসী, বেলের মতো বহুল চর্চিত ‘পবিত্র বৃক্ষের’ নাম রাখা হয়নি।আইনের ২ নম্বর তফসিলে বাংলাদেশের রক্ষিত বন্য প্রাণী ও উদ্ভিদের তালিকায় মাত্র ৫৭ প্রজাতির উদ্ভিদের নাম আছে। অথচ দেশের এনডেমিক প্রজাতিসহ সর্পগন্ধা, মাখনা, বনলেবু, নাগলিঙ্গম, বৃক্ষ ফার্ন, হস্তীকর্ণপলাশ, হরিংআড়ু, নিটাম, ক্রালাহিড, ক্যাক্র নামের শ্যাওলা, দামবং, বৈচিত্র্যময় বনআলু ও কচুর জাতগুলোকে এই তালিকায় যুক্ত করা হয়নি।আইনটির দুর্বল দিকগুলোর আরেকটি হলো দেশের এনডেমিক প্রজাতি (কোনো প্রজাতি যখন একটি নির্দিষ্ট বাস্তুসংস্থানেই ঐতিহাসিকভাবে জন্ম ও বিকাশ লাভ করে) ও ভৌগোলিক নির্দেশক প্রজাতিসমূহ সম্পর্কে আইনটিতে কোনো ধারা ও বিবরণ উল্লেখ করা হয়নি। স্বত্ব দাবির আন্তর্জাতিক দরকষাকষির বাজারে কোনো পণ্যের উৎস দেশ ও ভৌগোলিক নির্দেশনা খুব গুরুত্বপূর্ণ। তাই আইনে এনডেমিক সব প্রজাতিকে অন্তর্ভুক্ত করা জরুরি।আইনের ৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ‘আগ্রাসী (ইনভেসিভ) প্রজাতির’ ব্যাখ্যা দেওয়া হলেও উদাহরণ হিসেবে কোনো গাছের নাম উল্লেখ করা হয়নি। আগ্রাসী প্রজাতি বলতে বলা হয়েছে, কোনো নির্দিষ্ট প্রতিবেশ ব্যবস্থার (ইকোসিস্টেম) বাইরে অন্য কোনো প্রতিবেশ ব্যবস্থায় স্থানান্তর করলে অর্থনৈতিক, পরিবেশগত ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় এমন উদ্ভিদ। এ ধরনের উদ্ভিদ লাগানো যাবে না বলে আইনে প্রস্তাব করা হয়েছে।পানি উন্নয়ন-হাওর-জলাভূমি বোর্ড নেই: আইনের দ্বিতীয় অনুচ্ছেদে বন্য প্রাণী উপদেষ্টা বোর্ড গঠনের ক্ষেত্রে পরিবেশ ও বন, মৎস্য ও প্রাণিসম্পদ, বাণিজ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বন অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, পর্যটন অধিদপ্তর, বিএফআরআই, বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক ও বন্য প্রাণী সংরক্ষণ কাজে নিয়োজিত বেসরকারি সংস্থাকে বোর্ডের সদস্য রাখা হয়েছে।তবে পানিসম্পদ, ভূমি ও শিল্প মন্ত্রণালয়কে বোর্ডের সদস্য রাখা হয়নি। সদস্য রাখা হয়নি হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডকেও। অথচ বাংলাদেশের দুটি রামসার (সংরক্ষিত গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যসমৃদ্ধ এলাকা) এলাকা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর এবং সুন্দরবন সংরক্ষণ ও ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি পানিসম্পদ মন্ত্রণালয় ও হাওর উন্নয়ন বোর্ডের অনেক পরিকল্পনা ও সিদ্ধান্ত জড়িত।‘ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সংরক্ষণ) অধ্যাদেশ ২০০৮’ নামের খসড়া আইনটি করেছে শিল্প মন্ত্রণালয়। বন্য প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণের প্রশ্নে যেহেতু পাচার ও বাণিজ্যের বিষয়টি জড়িত, তাই বোর্ডে শিল্প মন্ত্রণালয়কে রাখা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।ষষ্ঠ অনুচ্ছেদে ‘আবদ্ধ প্রাণী, বন্য জন্তু, প্রাণিজ বস্তু, ট্রফি এবং অন্যান্য বন্য প্রাণী সম্পদের ব্যবসা’ নিষিদ্ধ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়েছে।