বাঘ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে: হাছান মাহমুদ
পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ বাঘ সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, সংশ্লি¬ষ্ট সবার সহযোগিতা নিয়ে সরকার এ ব্যাপারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।বিশ্ব বাঘ দিবস উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলালিংকের সহযোগিতায় বন বিভাগের উদ্যোগে প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দীন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, পরিবেশ ও বনসচিব মেছবাহ-উল আলম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ারুল ইসলাম ও ঢাকা অঞ্চলের বন সংরক্ষক ড. তপন কুমার দে। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলালিংকের আংকিট সুরেখা।ড. হাছান মাহমুদ বাঘ সংরক্ষণে সরকারের বিভিন্ন কর্মসূচির উল্লে¬খ করে বলেন, দেশের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে তাদের সম্পৃক্ত করতে না করতে পারলে সরকারের একার পক্ষে এসব কর্মসূচির বাস্তবায়ন সম্ভব নয়। তিনি বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে দেশের জনগণকে বাদ নিয়ে কোনো বন ব্যবস্থাপনা সম্ভব নয়, আর এ কারণেই সুন্দরবন রক্ষায় এ অঞ্চলের ৮০টি গ্রামের জনগণকে এর সহব্যবস্থাপনায় নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বন্য প্রাণী রক্ষায় একটি বিশেষ বাহিনী গঠনেরও উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।আরেফিন সিদ্দিক বাঘকে জীববৈচিত্র্যের মূল উপাদান উল্লেখ করে বলেন, সুন্দরবনকে সত্যিকার অর্থেই বাঘের অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে হবে। তিনি এ ব্যাপারে প্রযুক্তির সহায়তা গ্রহণের আহ্বান জানান।আরেফিন সিদ্দিক এ-সংক্রান্ত শিক্ষার সম্প্রসারণ ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, প্রাথমিক পর্যায়ের পাঠ্যসূচিতে দেশের বনজ সম্পদ, সুন্দরবন প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। মেছবাহ-উল আলম বলেন, সুন্দরবনে বাঘ না থাকলে এ বন টিকে থাকবে না।মূল প্রবন্ধে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, অতীতে বিশ্বে মোট নয় প্রজাতির বাঘ থাকলেও তিন প্রজাতির বাঘ ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে। ১০০ বছর আগেও বিশ্বে বাঘের সংখ্যা ছিল এক লাখ। বর্তমানে এ সংখ্যা তিন হাজার ২০০-তে নেমে এসেছে। তিনি সুন্দরবনের আশপাশের সব এলাকার উন্নয়ন পরিকল্পনায় বাঘ সংরক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। সভায় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ড. মনিরুল খান রচিত গবেষণা গ্রন্থ ‘টাইগার্স ইন দ্য ম্যানগ্রোভ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।এর আগে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাসস।