বাঘ হত্যা: টনক নড়ল বন বিভাগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় গত শুক্রবার পিটিয়ে বাঘ মারার ঘটনার পর শেষ পর্যন্ত টনক নড়ল বন বিভাগের। বাংলাদেশে এই প্রথমবারের মতো বাঘ স্থবিরকরণ বা নিশ্চলীকরণের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ওপর বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়ার আয়োজন করা হলো। আজ সোমবার থেকে সাত দিন পর্যন্ত বঙ্গবন্ধু সাফারি পার্কে ৩০ জন বনকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে। আজ সকাল সাড়ে নয়টায় আগারগাঁও বন ভবনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সেখানে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ দেশে বাঘের সংখ্যা বাড়ছে বলে দাবি করেন।বিদেশি বিশেষজ্ঞ ও প্রশিক্ষকেরা ৩০ জন বনকর্মীকে প্রশিক্ষণ দেবেন। হঠাত্ লোকালয়ে ঢুকে পড়লে কোনো ক্ষতি বা আঘাত না করে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে বাঘকে কীভাবে স্থবির বা নিশ্চল করা যায়, সে ব্যাপারে বনকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। নিশ্চল করে বাঘটিকে আবার নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হবে।উদ্বোধনী অনুষ্ঠানে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, ২০০৪ সালে টাইগার অ্যাকশন প্ল্যানে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা ছিল ৪৪০টি। আর বর্তমানে বাঘের সংখ্যা ৪৫০টি। গত ছয় বছরে দেশে ১০টিরও বেশি বাঘ বেড়েছে বলে দাবি করেন তিনি। শিগগিরই সরকার দেশে বাঘশুমারি শুরু করবেন বলে জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বাংলাদেশ টাইগার অ্যাকশন প্ল্যান ২০০৯ থেকে ২০১৭-এর মোড়ক উন্মোচন করা হয়।