বাঘ-হাতি হত্যার শাস্তি সাত বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘ বা হাতি হত্যার জন্য সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রেখে আজ রোববার জাতীয় সংসদে বন্য প্রাণী (সংরক্ষণ) বিল, ২০১২ পাস হয়েছে। বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাব নাকচ হয়। আইনে মোট এক হাজার ৩০৭টি প্রাণী ও উদ্ভিদকে সংরক্ষিত হিসেবে ঘোষণা করা হয়েছে। বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বন ও পরিবেশমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্য প্রাণীর গুরুত্ব অপরিসীম। কিন্তু স্বাধীনতা-পূর্বকালে এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়নি। এ কারণে অনেক প্রজাতির বন্য প্রাণী ও উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে এবং অনেক প্রজাতির বন্য প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে। এরই মধ্যে দেশ থেকে গন্ডার, বুনো মহিষ, বারসিঙ্গা, নীলগাই, বনছাগলসহ অনেক বন্য প্রজাতি হারিয়ে গেছে। আইইউসিএনের রেড ডেটা বুক (২০০০) অনুসারে: আট প্রজাতির উভচর, ৫৮ প্রজাতির সরীসৃপ, ৪১ প্রজাতির পাখি এবং ৪০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বিপদাপন্ন ও বিলুপ্তপ্রায় হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইন অনুযায়ী, যেকোনো সরকারি বনভূমিকে ইকোপার্ক, সাফারি পার্ক ও উদ্ভিদ উদ্যান বা বন্য প্রাণী প্রজননকেন্দ্র হিসেবে ঘোষণা করা যাবে।আইনের ৩৬ ধারা অনুযায়ী বাঘ বা হাতি হত্যা করলে সর্বনিম্ন দুই বছর এবং সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা দিতে হবে। একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড এবং ১৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হবে। ৩৭ ধারা অনুযায়ী, চিতা বাঘ, লাম চিতা, উল্লুক, সাম্বার হরিণ, কুমির, ঘড়িয়াল, তিমি বা ডলফিন হত্যা করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা তিন লাখ টাকা জরিমানা করা হবে। ৩৮ ধারা অনুযায়ী, পাখি বা পরিযায়ী পাখি হত্যা করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হবে।আইনে আরও বলা হয়েছে, লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি কারও কাছ থেকে বন্য প্রাণী, বন্য প্রাণীর কোনো অংশ, মাংস, ট্রফি বা কোনো দ্রব্য কিনলে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকার জরিমানার দণ্ডে দণ্ডিত হবেন। আরও বলা হয়েছে, সরকারি বন, বনের অংশ, সরকারি ভূমি, জলাভূমি বা যেকোনো নির্দিষ্ট এলাকাকে গেজেট প্রজ্ঞাপণের মাধ্যমে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা যাবে। অভয়ারণ্যে কেউ চাষাবাদ, শিল্পকরাখানা স্থাপন, উদ্ভিদ আহরণ ও ধ্বংস এবং অগ্নিসংযোগ করতে পারবে না। এ-সম্পর্কিত বিধিনিষেধ কেউ লঙ্ঘন করলে দুই বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।অবসরের বয়সসীমা ৬৫: সব ধরনের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরি থেকে অবসরের বয়সসীমা ৬৫ বছর করে আজ ‘পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক (অবসর গ্রহণ) (বিশেষ বিধান) বিল, ২০১২’ সংসদে পাস হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।