বাঘাইছড়িতে একজনকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জনসংহতি সমিতির (এমএন লারমা) সমর্থক শম্ভু লাল চাকমাকে (৬০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের জীবতলি গ্রামে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে ছয়টার দিকে জীবতলি গ্রামে নিহারু চাকমার দোকানে চা পান করতে বের হন শম্ভু লাল। দোকানে বসার কিছুক্ষণ পর অস্ত্রধারী চার ব্যক্তি শম্ভুকে ঘিরে ফেলে গুলি করে। এ সময় মাথা ও বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনার জন্য জনসংহতি সমিতির এমএন লারমার পক্ষ ও সন্তু লারমার পক্ষ পরস্পরকে দায়ী করেছে। জনসংহতি সমিতির (এমএন লারমা) রাঙামাটি জেলা শাখার সহসভাপতি ও বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমার দাবি, শম্ভু নিরীহ মানুষ। তিনি কোনো দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। কিন্তু তাঁরাও সন্তু লারমার বাহিনীর হাত থেকে রেহাই পাচ্ছেন না। এ অভিযোগ অস্বীকার করেছেন জনসংহতি সমিতির (সন্তু লারমা) বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক বড়ঋষি চাকমা। তাঁর দাবি, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাসী একটি সংগঠন। হানাহানির মধ্যে আমরা নেই। আমাদের সশস্ত্র কোনো দলও নেই।’ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল রাজ্জাক বলেন, ময়নাতদন্তের জন্য শম্ভুর লাশ খাগড়াছড়িতে পাঠানো হয়েছে।