বাঘাইছড়িতে চার আদিবাসী অপহরণের অভিযোগ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ চার আদিবাসীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার খেদারমারা ইউপির এক নম্বর ওয়ার্ডের সদস্য উলুছড়ি গ্রামের সমীরণ চাকমা (৩৮) ও তাঁর প্রতিবেশী প্রমোদ কান্তি চাকমা (৩৭) এবং রূপকারী ইউপির পাকুজ্যাছড়ি গ্রামের বিজয় কান্তি চাকমা (৩৫) ও জতেজ চাকমাকে (৪০) অপহরণ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন ব্যক্তি ইউপি সদস্য সমীরণ চাকমার বাড়িতে এসে পানি খাওয়ার কথা বলে দরজা খুলতে বলে। পরে দরজা খোলার সঙ্গে সঙ্গে অস্ত্রের মুখে তাঁকে ও প্রতিবেশী প্রমোদ কান্তি চাকমাকে নিয়ে যায়। সেখান থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে রূপকারী ইউনিয়নের পাকুজ্যাছড়ি গ্রাম থেকে বিজয় কান্তি চাকমা ও জতেজ চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়।এ ব্যাপারে জানতে চাইলে খেদারমারা ইউপির চেয়ারম্যান অমলেন্দু চাকমা বলেন, ‘ঘটনাটি সত্য। তবে কে বা কারা অপহরণ করেছে তা নিশ্চিত নই। আমরা অপহরণকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছে। তবে কে বা কারা অপহরণ করেছে তা পরিবারের লোকজন বলতে পারছে না।