বাঘাইছড়িতে জনসংহতি সমিতির দুই পক্ষে বন্দুকযুদ্ধে নিহত ২
রাঙামাটি শহরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক নেতাকে হত্যার রেশ না কাটতেই এবার জেলার বাঘাইছড়ি উপজেলায় নিহত হলেন সমিতির দুই সদস্য। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে বাঘাইছড়ির খেদারমারা ইউনিয়নের মধ্যপাবলাখালী গ্রামে সমিতির বিবদমান দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন বাঘাইছড়ির মধ্যপাবলাখালী গ্রামের মিহির কান্তি চাকমা (৩২) ও পেরাছড়া গ্রামের এনজয় চাকমা (২৪)। তাঁরা জনসংহতি সমিতির সংস্কারপন্থী হিসেবে পরিচিত এম এন লারমার পক্ষের সদস্য। বাঘাইছড়ি থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর দেড়টার দিকে বাঘাইছড়ি উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে খেদারমারা ইউনিয়নের মধ্যপাবলাখালী গ্রামের ললিত মোহন কার্বারিপাড়ায় জনসংহতি সমিতির একদল সশস্ত্র সদস্য এসে সমিতির এম এন লারমা পক্ষের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় এম এন লারমার পক্ষ থেকে গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে আধঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলে। এতে ঘটনাস্থলে মিহির কান্তি চাকমার মৃত্যু হয়। এনজয় চাকমা গুলিবিদ্ধ হয়ে পাশের কাচালং নদীতে পড়ে মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মিহিরের লাশ উদ্ধার করেন। সন্ধ্যা সাতটা পর্যন্ত নদী থেকে এনজয় চাকমার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে। বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) লিটন দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। জনসংহতি সমিতির এম এন লারমা পক্ষের নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা প্রথম আলোকে বলেন, নিহত দুজন তাঁদের সমর্থক। তবে জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা জানান, বন্দুকযুদ্ধে দুজনের মৃত্যুর কথা তিনি শুনেছেন। তবে তাঁদের কোনো সশস্ত্র গ্রুপ নেই বলে দাবি করেন।এর আগে গত ২৬ জুন জনসংহতি সমিতির দুই পক্ষের বন্দুকযুদ্ধে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের চিত্রসেন কার্বারিপাড়ায় এম এন লারমা পক্ষের দুজন এবং ৯ জুলাই রাঙামাটির লংগদু উপজেলার সদর ইউনিয়নের ভুইওছড়া মানিক্যাপাড়ায় একই পক্ষের একজন মারা যান।অভিলাষ চাকমার হত্যার প্রতিবাদে মিছিল সমাবেশ: জনসংহতি সমিতির নানিয়ারচর উপজেলার সাধারণ সম্পাদক অভিলাষ চাকমার হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে গতকাল রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির বাসভবনের পাশে এ ধরনের হত্যাকাণ্ড প্রমাণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ব্যর্থ। পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে চুক্তিবিরোধীদের মদদ দেওয়ায় এসব ঘটনা ঘটছে। সমাবেশে পার্বত্য চুক্তিবিরোধী হিসেবে পরিচিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) নৈরাজ্য সৃষ্টিকারী সংগঠন হিসেবে উল্লেখ করে তাদের নিষিদ্ধ ঘোষণা ও পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি জানানো হয়।জনসংহতি সমিতির রাঙামাটি জেলা শাখার সভাপতি গুণেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য ঊষাতন তালুকদার, পার্বত্য মহিলা সমিতির রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি শুভজ্যোতি চাকমা প্রমুখ। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিলাষ চাকমাকে রাঙামাটি শহরের কল্যাণপুরে তাঁর বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ইউপিডিএফের সদস্যরা জড়িত বলে অভিযোগ করে জনসংহতি সমিতি। তবে ইউপিডিএফের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়।