বাঘাইছড়িতে জনসংহতি সমিতির দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ
রাঙামাটির বাঘাইছড়িতে আজ শনিবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে পুলিশ এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর দেড়টার দিকে বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের পাবলাখালী গ্রামে জনসংহতি সমিতির দুই পক্ষের মধ্যে প্রায় আধাঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। এতে সমিতির সংস্কারপন্থী হিসেবে পরিচিত (এম এন লারমা) গ্রুপের দুজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) লিটন দত্ত বন্দুকযুদ্ধের ঘটনা নিশ্চিত করছেন। তবে এতে কারও মৃত্যু হয়েছে কি না, সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি। তিনি জানান, ঘটনাস্থলে যাওয়া পুলিশের দলটি ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাবে না। এ ব্যাপারে জনসংহতি সমিতির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।