বাঘাইছড়িতে জনসংহতি সমিতির সদস্যকে গুলি করে হত্যা
রাঙামাটির বাঘাইছড়িতে জনসংহতি সমিতির (এম এন লারমা) সদস্য সোহেল চাকমাকে (২৮) সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। গতকাল রোববার বিকেলে পৌরসভার তালুকদারপাড়ায় এ ঘটনা ঘটে।সোহেল হত্যাকাণ্ডের জন্য জনসংহতি সমিতির সন্তু লারমার পক্ষকে দায়ী করা হয়েছে। তবে সন্তু লারমার পক্ষ অভিযোগ অস্বীকার করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল পৌনে চারটার দিকে ছয়জন অস্ত্রধারী সন্ত্রাসী দুটি মোটরসাইকেলে করে বাঘাইছড়ি পৌরসভার তালুকদারপাড়ায় আসে। এ সময় সোহেল চাকমা একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। সন্ত্রাসীরা তাঁর মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এতে সোহেল মাটিতে লুটিয়ে পড়েন। পরে সন্ত্রাসীরা দক্ষিণে বাঘাইছড়ি গ্রামের দিকে চলে যায়। স্থানীয় লোকজন হাসপাতালে নেওয়ার সময় সোহেল মারা যান।সোহেল চাকমার বাড়ি ঘটনাস্থলের পাশের তুলাবান গ্রামে। তিনি এক কন্যাসন্তানের জনক।ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মারিশ্যা অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল মনির হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এ ধরনের সন্ত্রাসী ঘটনা রোধে স্থানীয় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।জনসংহতি সমিতির এম এন লারমার পক্ষের কো-চেয়ার রূপায়ণ দেওয়ান জানান, জনসংহতি সমিতির বিভক্তির পর গত দেড় বছরে তাঁদের দলের ১৫ জনকে হত্যা করা হয়েছে। এর আগে ১৪ এপ্রিল বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের কদমতলী গ্রামে দলের এম এন লারমার অংশের চিজিমণি চাকমা ও তাঁর একমাত্র কন্যাসন্তান গুলিতে নিহত হন।এ ছাড়া ২১ মে বরকল উপজেলার মিটিংগাছড়ি এলাকায় আদিবাসীদের অপর রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চার সদস্যকে গুলি করে হত্যা করা হয়।ঘটনার পর করণীয় নির্ধারণ করতে জনসংহতি সমিতির এম এন লারমার পক্ষের নেতা-কর্মীরা বৈঠকে বসেন। সোহেল চাকমা হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার পক্ষকে দায়ী করেছেন দলের বাঘাইছড়ি উপজেলা শাখার আহ্বায়ক অনুপ কুমার চাকমা।তবে জনসংহতি সমিতির সন্তু লারমার পক্ষের সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, হত্যাকাণ্ডে তাঁদের কোনো সদস্যের জড়িত থাকার বিষয়টি তাঁর জানা নেই। এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, দলের সন্তু লারমার অংশ গণতান্ত্রিক ধারায় রাজনীতি করে। তাই কোনো ঘটনা ঘটলেই তাদের দায়ী করা ঠিক নয়।বাঘাইছড়ি থানার উপপরিদর্শক ওয়াহিদুজ্জামান সন্ধ্যায় জানান, ঘটনাস্থল থেকে সোহেল চাকমার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।