বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে শিক্ষক নিহত
রাঙামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তদের গুলিতে পূর্ণিময় চাকমা (৪০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। তিনি খেদারাছড়া রেজি. প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার মারিশ্যা ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত পূর্ণিময়ের বাবা কালাচানের সাপ্তাহিক ক্রিয়াকাল রোববার অনুষ্ঠিত হওয়ার কথা। সেই ব্যাপারে তিনি স্থানীয় লোকজন ও প্রতিবেশীদের সঙ্গে রাত প্রায় একটা পর্যন্ত আলাপ করেন। এরপর তিনি ঘুমিয়ে পড়েন। রাত দুইটার দিকে কয়েকজন লোক এসে ‘মাস্টার, মাস্টার’ বলে ডাক দেয়। ডাক শুনে পূর্ণিময় একটি চেরাগ জ্বালিয়ে বাড়ি থেকে বের হন। এর পরপরই তাঁকে কাছে থেকে গুলি করা হয়। এতে তিনটি গুলি মাথায় বিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার খবর পেয়ে রাতেই সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এ ঘটনার জন্য দায়ী বা তিনি কোনো দলের সঙ্গে জড়িত ছিলেন কি না, তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলের দিকে গেছে। হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।