বাঘাইছড়িতে সন্ত্রাসীর গুলিতে বাবা-মেয়ে খুন
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সংস্কারপন্থী হিসেবে পরিচিত এম এন লারমা গ্রুপের সদস্য চিজিমণি চাকমা (৩২) ও তাঁর দুই বছরের শিশুকন্যা অর্পিমণি চাকমা সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের কদমতলী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। এর জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সন্তু লারমা গ্রুপের সশস্ত্র সদস্যদের দায়ী করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১২টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল বাঘাইছড়ি সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে কদমতলী গ্রামে এসে চিজিমণি চাকমার বাড়ি ঘেরাও করে। এ সময় দরজা ভেঙে বাড়িতে ঢুকে সঙ্গে সঙ্গে ঘুমন্ত চিজিমণি ও তাঁর পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি গুলি করা হয়। ভাগ্যক্রমে চিজিমণির স্ত্রী রত্না চাকমা (২৮) সরে যেতে পারলেও চিজিমণি ও দুই বছরের শিশুকন্যা অর্পিমণি চাকমা গুলিবিদ্ধ হন। চিজিমণির মাথা ও বুকে তিনটি এবং ছোট্ট অর্পির বুকে দুটি গুলি লাগে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ঘটে। আজ বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি থানার পুলিশ নিহত বাবা ও মেয়ের লাশ উদ্ধার করেছে। থানার দ্বিতীয় কর্মকর্তা ওয়াহিদুজ্জামান জানান, স্থানীয় লোকজন ও পরিবারের সঙ্গে কথা বলে তাঁরা জানতে পেরেছেন, একদল সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে তাঁদের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছিল। এদিকে এ ঘটনার জন্য জনসংহতি সমিতির সন্তু লারমা গ্রুপকে দায়ী করা হলেও সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা তাঁদের কোনো সদস্যের এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।