বাঘাইছড়িতে ১৪৪ ধারা জারি
আদিবাসী-বাঙালি উত্তেজনায় রাঙামাটির বাঘাইছড়িতে আজ বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে মোটরসাইকেলে দুজন যাত্রী নিয়ে আবদুস সাত্তার (৩০) বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের ভক্ত পাড়ায় যান। বিকেল পাঁচটার দিকে যাত্রীদের নামিয়ে দেওয়ার পর থেকে তিনি মোটরসাইকেলসহ নিখোঁজ ছিলেন। পরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।এ ঘটনার পর বিভিন্ন স্থানে কমপক্ষে ১৫ আদিবাসীকে মারধর করা হয়। এ ছাড়া দীঘিনালার কবাখালীতে বাঙালিদের হামলায় কিরণ লীলা চাকমা (৪৫) নামের এক আদিবাসী নারী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান আদিবাসীদের ওপর বাঙালিদের হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে বলে রাঙামাটির জেলা প্রশাসক সুরেন্দ্র নাথ চক্রবর্তী প্রথম আলো অনলাইনকে নিশ্চিত করেছেন।