বাঘাইছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় দিন পর গতকাল সোমবার রাঙামাটির বাঘাইছড়ি থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১২টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়—বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করেছেন।রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকার শত শত মানুষ ত্রাণসামগ্রী নিয়ে গতকাল বাঘাইহাটের ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে বিতরণ করে।এদিকে রাজধানীতে গতকাল আদিবাসীদের এক সংবাদ সম্মেলনে বলা হয়, ‘বাঘাইহাটে পুড়ে যাওয়া ঘরবাড়িগুলোর খুব কাছে সেনাক্যাম্প। সেনাদের অগোচরে এখানে কিছুই ঘটানো সম্ভব নয়। সেনারা আমাদের নিরাপত্তা দেয়নি, নিঃস্ব করেছে। আমরা দোষীদের বিচারের দাবি করছি।’সম্প্রীতি সভা: গতকাল সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমার সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আদিবাসী-বাঙালিদের এক সম্প্রীতি সভা হয়। ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে সরকারি-বেসরকারি ত্রাণ বিতরণে যেন কোনো অসুবিধার সৃষ্টি না হয়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয় সভায়। এ ছাড়া যেসব এলাকায় আদিবাসী ও বাঙালিরা পাশাপাশি বসবাস করছেন, সেসব এলাকায় যৌথ শান্তি-শৃঙ্খলা কমিটি গঠন এবং কোনো সমস্যার সৃষ্টি হলে ওই কমিটির মাধ্যমে তাত্ক্ষণিকভাবে তা সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনউদ্দিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।ইউএনও বশিরুল হক ভূঁইয়া প্রথম আলোকে জানান, সম্প্রীতি সভায় আদিবাসী, বাঙালি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিরা বাঘাইছড়ির বর্তমান পরিস্থিতি শান্ত বলে উল্লেখ করে ১৪৪ ধারা প্রত্যাহারের অনুরোধ জানান। সেই পরিপ্রেক্ষিতে সোমবার বেলা সাড়ে ১২টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।এদিকে গতকাল রাত নয়টায় অজ্ঞাতনামা ব্যক্তিরা বাঘাইহাট বাজারের কাছে রোজে আলম নামের এক বাঙালির ঘরে আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে। এ সময় ঘরে কেউ ছিল না বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে বহু লোক: গতকাল সকাল থেকে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ ট্রাক, বাস, পিকআপ ভ্যান ও চাঁদের গাড়িতে (হুড-খোলা জিপ) করে চাল, ডাল, তেল, লবণ, বিভিন্ন বয়সী মানুষের কাপড়, ওষুধ ও স্যানিটারি সামগ্রী নিয়ে গঙ্গারামমুখ এলাকায় হাজির হতে শুরু করে। বেলা একটার মধ্যে সেখানে ত্রাণসামগ্রীর বিশাল স্তূপ জমে যায়।জানা গেছে, সহিংস ঘটনার পর থেকে বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য ত্রাণসামগ্রী সংগ্রহের কাজ শুরু হয়। অনেকে ব্যক্তিগতভাবেও ত্রাণ নিয়ে হাজির হন। কেউ কেউ ক্ষতিগ্রস্ত আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় অনেককে কোলাকুলি করে কাঁদতেও দেখা গেছে। সবার চোখেমুখে ছিল স্বস্তির ছাপ।ত্রাণ নিয়ে আসা ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন মানিকলাল দেওয়ান বলেন, ‘একজন মানুষের জন্য মানুষের সহমর্মিতা ও ভালোবাসা সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমরা ক্ষতিগ্রস্ত লোকজনকে সেটা দিতে এসেছি।’ সাজেক ইউনিয়ন পরিষদের নারী-সদস্য জ্যোত্স্না রানী চাকমা বলেন, ‘সবার সহযোগিতা আমাদের আবার উঠে দাঁড়াতে অনুপ্রেরণা জোগাবে।’ যাঁরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।শতাধিক বৌদ্ধ ভিক্ষুও গঙ্গারামমুখ এলাকায় হাজির হন। তাঁরা ক্ষতিগ্রস্ত বেনুবন বৌদ্ধবিহার পরিদর্শন করেন। পরে তাঁরা গঙ্গারামমুখ এলাকায় ধর্মীয় রীতিতে নিহত, নিখোঁজ ও ক্ষতিগ্রস্ত লোকজনের সুখ-শান্তি ও মঙ্গল কামনা করেন। বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে উপস্থিত ছিলেন ভদ্দাজি মহাস্থবির, বিশুদ্ধানন্দ মহাস্থবির, সৌরজগত্ মহাস্থবির, শুভদর্শী মহাস্থবির প্রমুখ।বেসরকারিভাবে দেওয়া ত্রাণসামগ্রী সুষ্ঠুভাবে বণ্টনের জন্য সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য নয়ন রঞ্জন চাকমা, নারী-সদস্য জ্যোত্স্না রানী চাকমা ও স্বপনিকা চাকমার নেতৃত্বে ত্রাণ বিতরণ কমিটি করা হয়েছে। কমিটির ওই নেতারা বলেন, মানুষের এ রকম ভালোবাসা আর সহযোগিতায় তাঁরা অভিভূত।উল্লেখ্য, বাঘাইহাটে ১৯ ও ২০ ফেব্রুয়ারি আদিবাসী-বাঙালিদের মধ্যে এক সহিংস ঘটনায় ৪১৮টি আদিবাসী পরিবারের বাড়িঘর পুড়ে যায়। এতে ছয়জন আদিবাসী নিহত ও কমপক্ষে চারজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে এ পর্যন্ত দুজন আদিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে।ত্রাণের টিন গ্রহণে অস্বীকৃতি: বেলা ১২টায় শরণার্থী পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সাংসদ যতীন্দ্রলাল ত্রিপুরা ২৩ ফেব্রুয়ারির সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির সাতভাইয়াপাড়ার পরিবারগুলোর মধ্যে ত্রাণের টিন বিতরণ করতে যান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুলিশের সাজানো মামলায় ওই এলাকার বাসিন্দা নিলাপ্রু মারমাকে (২৭) গ্রেপ্তারের প্রতিবাদে ত্রাণের টিন গ্রহণে অস্বীকৃতি জানান। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় নেতারা নিলাপ্রুকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে ক্ষতিগ্রস্ত লোকজন ত্রাণের টিন গ্রহণ করেন।এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ ও নতুন পুলিশ সুপার মো. আবু কালাম সিদ্দিক খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সাংবাদিকেরা সেদিনের ঘটনা বর্ণনা দিয়ে বলেন, অতীতে পাহাড়ে বহু ঘটনা ঘটেছে। ২৩ ফেব্রুয়ারির ঘটনায় সাংবাদিকেরা যে নিরাপত্তাহীনতায় ছিল, তা অতীতে কখনো দেখা যায়নি। এটা নজিরবিহীন। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে সাংবাদিকেরা তাঁদের নিরাপত্তার দাবি জানান এবং সেদিনের ঘটনায় প্রকৃত দোষী ও ইন্ধনদাতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের নির্ভয়ে দায়িত্ব পালন করতে বলেন।ঢাকায় সংবাদ সম্মেলন: গতকাল জাতীয় প্রেসক্লাবে সাজেক ভূমি রক্ষা কমিটি ও সাজেক নারীসমাজের (এসএনএস) সংবাদ সম্মেলনে সাজেক থেকে আসা ক্ষতিগ্রস্ত কয়েকজন অভিযোগ করে বলেন, বাইরে থেকে যাওয়া কারও সঙ্গে আদিবাসীদের কথা বলতে দেয় না সেনাবাহিনী। তাই নিজেদের দাবিগুলো জানাতে তাঁরা ঢাকায় এসেছেন।লিখিত বক্তব্যে ১৯ ও ২০ ফেব্রুয়ারি আদিবাসী গ্রামগুলোর ওপর হামলা ও নির্যাতনের বর্ণনা দেন সাজেক ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক জ্ঞানেন্দ্র চাকমা। তিনি অভিযোগ করেন, ‘সেনাদের প্রত্যক্ষ মদদে হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় সেনাসদস্যরা আদিবাসীদের উদ্দেশে মাইকে ঘোষণা দেন, “তোমরা সরে যাও, নইলে গুলি খাবে।” তারপর আমাদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়।’লিখিত বক্তব্যে বলা হয়, বাঘাইহাটের ১১টি গ্রামের পাঁচ শতাধিক বাড়ি, ১৬টি প্রতিষ্ঠান, দুটি বৌদ্ধমন্দির, একটি গির্জা ও বেসরকারি সংস্থার কয়েকটি কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। হামলার পর থেকে রূপক চাকমা ও টুককুলো চাকমা নিখোঁজ রয়েছেন। হামলার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত বাঙালি ও সেনাসদস্যদের একটি তালিকাও সংবাদ সম্মেলনে হাজির করা হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, ২০০৮ সালে বাঙালিদের দখল শুরুর পর থেকে এ পর্যন্ত প্রতিটি হামলায় বাঙালিদের দ্বিগুণ সংখ্যক সেনা উপস্থিত থেকেছে। আগের যেকোনো নির্যাতনের চেয়ে এবারের নির্যাতনের ধরন ছিল ভয়াবহ।সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বরাবর ছয় দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে আছে, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িত সেনাসদস্য ও বাঙালিদের বিচার এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে কমপক্ষে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ।সেনাবাহিনীকে দোষারোপ করার মতো কোনো প্রমাণ তাঁদের কাছে আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আদিবাসীরা বলেন, ‘আপনারা সেখানে গিয়ে দেখেন। আপনারা আমাদের সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাইলে সে সুযোগটা পর্যন্ত তারা দেবে না। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে সরকার আমাদের জীবনের কথা শুনুক। তারপর বিবেকের কাছে প্রশ্ন করলেই তারা করণীয় পেয়ে যাবে।’১১ দলের মানববন্ধন: সংসদীয় কমিটি গঠন করে রাঙামাটির বাঘাইহাট ও খাগড়াছড়িতে হামলা-সংঘর্ষের ঘটনা সরেজমিনে পরিদর্শন করার দাবি জানিয়েছে ১১ দল। একই সঙ্গে সংসদীয় কমিটির তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। গতকাল রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে ১১ দলের নেতারা এ দাবি জানান। মানববন্ধন শেষে নেতারা বলেন, আদিবাসীদের ওপর নিপীড়ন-নির্যাতন ও ভূমি জবরদখল অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় পাহাড়ে শান্তি আসবে না। পাহাড়ি এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং এ জন্যই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা প্রয়োজন।নেতারা সাত দফা দাবিও তুলে ধরেন। এতে পার্বত্য চট্টগ্রামে ভূমি জবরদখল ও মানবাধিকার লঙ্ঘন বন্ধ করা, বাঘাইহাট ও খাগড়াছড়িতে সহিংসতায় ক্ষতিগ্রস্ত লোকজনের উপযুক্ত ক্ষতিপূরণ, পুনর্বাসন, রেশন ও চিকিত্সার ব্যবস্থা করা এবং পাহাড়ি এলাকায় শান্তি প্রতিষ্ঠার দাবি করা হয়।১১ দলের সমন্বয়ক মাহমুদুর রহমানের সভাপতিত্বে ওই কর্মসূচিতে বক্তব্য দেন সাংসদ রাশেদ খান মেনন, আবদুস সামাদ, জাকির হোসেন, ওয়াজেদুল ইসলাম, নুরুল হাসান, সমীর সিকদার, অসিত বরণ রায় প্রমুখ।[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও রাঙামাটি এবং খাগড়াছড়ি ও বাঘাইছড়ি প্রতিনিধি]