বাঘাইহাট ঘটনা তদন্তে সংসদীয় কমিটি গঠনের দাবি জনসংহতির
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইহাটের ঘটনা তদন্তে সংসদীয় কমিটি গঠন করে শিগগির প্রতিবেদন প্রকাশসহ ছয় দফা দাবি জানিয়েছে। সমিতির নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুরের পর আজ সোমবার প্রায় আড়াই ঘণ্টা চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এদিকে একই ঘটনার প্রতিবাদে আদিবাসীদের অন্য সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কাল মঙ্গলবার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় দিনব্যাপী সড়ক ও নদীপথ অবরোধের ডাক দিয়েছে।জনসংহতি সমিতির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে বাঘাইহাট ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, আহত ব্যক্তিদের দ্রুত চিকিত্সার ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা, বাঘাইহাট সেনা জোন প্রত্যাহার, বহিরাগত সেটেলার বাঙালিদের গুচ্ছগ্রাম থেকে সরিয়ে নেওয়া এবং অপারেশন উত্তরণ প্রত্যাহারসহ পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়ন। সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রণতি বিকাশ চাকমা স্বাক্ষরিত স্মারকলিপিটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর পাঠানো হয়।এর আগে জনসংহতি সমিতির আহ্বানে অর্ধশতাধিক বৌদ্ধ ভিক্ষুসহ বিভিন্ন এলাকা থেকে রাঙামাটি শহরের উত্তর কালিন্দীপুরে জনসংহতি সমিতির কার্যালয়ে কয়েক হাজার মানুষ সমবেত হয়। সেখান থেকে তারা পুনরায় বিক্ষোভ মিছিলসহ রাঙামাটির প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসন কার্যালয়ে আসে। সেখানে সমিতির সহসভাপতি লক্ষ্মীপ্রসাদ চাকমার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি সুমনালংকার মহাথেরো, জনসংহতির সাধারণ সম্পাদক প্রণতি বিকাশ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি উদয়ন ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সুপ্রভা চাকমা প্রমুখ।এদিকে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কে রানী দয়াময়ী উচ্চবিদ্যালয়ের সামনে জনসংহতি সমিতির বিক্ষোভকারীদের ভাঙচুরের শিকার হয়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এ ঘটনার পর বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত চট্টগ্রাম রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ ছিল। আজ সোমবার বাঘাইহাটে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।