বাঘাইহাট যাচ্ছেন দুই প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের দুই প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিব আগামী বুধবার পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইহাট পরিদর্শনে যাচ্ছেন। এ সময়ে তাঁরা পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সাক্ষাত্ এবং তাঁদের আর্থিক সহায়তা দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল মঙ্গলবার প্রতিনিধিদলকে বাঘাইহাট যাওয়ার নির্দেশ দিলেও সেখানে ইউপিডিএফ অবরোধ ডাকায় আজ সিদ্ধান্ত পরিবর্তন করে বুধবার যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার আজ সোমবার প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁরা ওই এলাকা পরিদর্শনে যাচ্ছেন। একই সময়ে তাঁরা সীমান্ত পরিদর্শন করবেন। তিনি জানান, তিন পার্বত্য জেলার জেলা প্রশাসককে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।জানা গেছে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ও স্বরাষ্ট্রসচিব আগামী বুধবার হেলিকপ্টারযোগে রাঙামাটি যাচ্ছেন। এই জেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট গ্রামে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে হতাহতের ঘটনা ছাড়াও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।