বাঘাইহাটে এখনো আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবারের সহিংস ঘটনার পর এখন বাঘাইহাটের পরিস্থিতি শান্ত হলেও আতঙ্ক কাটেনি। জঙ্গলে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত আদিবাসীরা পুড়ে যাওয়া ভিটামাটিতে ফিরতে শুরু করেছে। তবে কালও সেখানে দোকানপাট খোলেনি, যান চলেনি।গতকাল গঙ্গারামমুখ এলাকায় গিয়ে দেখা যায়, বাড়িঘর ছেড়ে যাওয়া আদিবাসীরা গভীর জঙ্গলের নিরাপদ আশ্রয় থেকে এসে পুড়ে যাওয়া ভিটেমাটি দেখছে। পোড়া ঘরগুলোতে রাখা বিভিন্ন রবিশস্যের স্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে। কেউ কেউ এসে গলে যাওয়া হাঁড়ি-পাতিল কুড়াচ্ছেন। শিশুদের চেহারাও মলিন। ফুলরানী চাকমা নামের এক আদিবাসী বলেন, ‘বাঘাইহাট বাজারের পাশে আমার বাড়ি ছিল। সেটি পুড়িয়ে দেওয়ার সময় সব লুট করা হয়েছে। আমি জীবন বাঁচাতে সব ছেড়ে দৌড়ে পালিয়ে আসি। স্বামী সুরেশ কান্তি চাকমা অসুস্থ। ওষুধ তো দূরের কথা, আজ তিন দিন ধরে ভাতের দেখা পাইনি।’ শান্তিময় চাকমা বলেন, ‘মনে করেছিলাম শান্তিচুক্তির পর একটু শান্তিতে থাকব, তাঁর জন্য দুই লাখ টাকা খরচ করে একটি বাড়ি করেছিলাম। এখন সেটিও গেল। শুধু গায়ের শার্ট নিয়ে প্রাণে বাঁচতে পেরেছি।’বাঘাইহাট বাজারে আশ্রয় নেওয়া বাঙালি আক্তার হোসেন বলেন, ‘এটা সরকারি রিজার্ভ এলাকা। এখানে পাহাড়ি-বাঙালি কারও জায়গার কাগজ নেই। ওরা বসতি স্থাপন করতে পারলে আমরা পারব না কেন?’আজ অবরোধ: বাঘাইহাটে সহিংস ঘটনার প্রতিবাদে রাঙামাটি ও বান্দরবানে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জনসংহতি সমিতি। ঘটনার সুষ্ঠু তদন্তে সংসদীয় কমিটি গঠন করে শিগগির প্রতিবেদন প্রকাশসহ ছয় দফা দাবি জানিয়েছে তারা। একই ঘটনার প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) আজ মঙ্গলবার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় এবং পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায় দিনব্যাপী সড়ক ও নদীপথ অবরোধের ডাক দিয়েছে।উত্তেজনার কারণে বাঘাইহাটে সরকারি ত্রাণ বিতরণ না করেই চলে আসতে বাধ্য হয়েছে ত্রাণ বিতরণ কমিটি। আদিবাসীরা বলেছে, বাঙালিদের ত্রাণ দেওয়া হলে তারা সেই ত্রাণ নেবে না। এ অবস্থায় ত্রাণগুলো বাঘাইহাট পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে। তবে বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়।বিক্ষোভ-সমাবেশ: জনসংহতি সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রণতি বিকাশ চাকমা স্বাক্ষরিত স্মারকলিপি গতকাল রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। এর আগে জনসংহতি সমিতির আহ্বানে অর্ধশতাধিক বৌদ্ধ ভিক্ষুসহ বিভিন্ন এলাকা থেকে রাঙামাটি শহরের উত্তর কালিন্দীপুরে জনসংহতি সমিতির কার্যালয়ে কয়েক হাজার মানুষ সমবেত হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল করে রাঙামাটির প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসনের কার্যালয়ে আসে বিক্ষোভকারীরা। সেখানে সমিতির সহসভাপতি লক্ষ্মীপ্রসাদ চাকমার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে সমিতির নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর হওয়ার পর গতকাল আড়াই ঘণ্টা চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।জনসংহতি সমিতির দাবিগুলোর মধ্যে রয়েছে বাঘাইহাটের ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, আহত ব্যক্তিদের দ্রুত চিকিত্সার ব্যবস্থা করা, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা, বাঘাইহাট সেনা জোন প্রত্যাহার, বহিরাগত বসতি স্থাপনকারী বাঙালিদের গুচ্ছগ্রাম থেকে সরিয়ে নেওয়া এবং অপারেশন উত্তরণ প্রত্যাহারসহ পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়ন।পার্বত্য বাঙালি ছাত্র পরিষদও একই ঘটনার প্রতিবাদে রাঙামাটিতে মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ থেকে বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। বেলা দুইটার দিকে বাঙালি ছাত্র পরিষদ মিছিল নিয়ে জেলা প্রশাসন কার্যালয়ের চত্বরে এসে সমাবেশ করে। সংগঠনের নেতারা বাঘাইছড়ির ঘটনার জন্য আদিবাসীদের দায়ী করে বলেন, তাঁদের সন্ত্রাসী কার্যকলাপের কারণে পার্বত্য চট্টগ্রামে শান্তি আসছে না। এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে প্রশাসন ব্যর্থ হয়েছে উল্লেখ করে তাঁরা পার্বত্য এলাকায় সেনা ছাউনি বাড়ানোর পরামর্শ দেন।বান্দরবানে জনসংহতি সমিতির গতকালের বিক্ষোভ সমাবেশ থেকে দোষী সেনা কর্মকর্তাসহ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনসহ পাঁচ দফা দাবি জানানো হয়। রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদম উপজেলায়ও জনসংহতি সমিতি ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।মানববন্ধন: ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, বাঘাইহাটের ঘটনার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন ‘জুম ছাত্রকল্যাণ সমিতি’ গতকাল ক্যাম্পাসে মানববন্ধন করে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করে।মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দা: খাগড়াছড়ি প্রতিনিধি জানান, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র সমালোচনা করেছে ইউপিডিএফ-সমর্থিত তিন সংগঠন—গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। বিবৃতিতে তারা বিভিন্ন হত্যাকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছে, নিরাপত্তা বাহিনী পরিবেষ্টিত থাকা অবস্থাতেও মুজিব-জিয়া প্রাণ হারিয়েছেন।এদিকে শরণার্থী কল্যাণ সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা এক বিবৃতিতে বাঘাইহাটের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বাঘাইহাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, পুনর্বাসন, আহত ব্যক্তিদের যথাযথ চিকিত্সা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।সিএইচটি কমিশনের আহ্বানবাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকায় সাম্প্রতিক অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে বেসরকারি সংস্থা চিটাগাং হিল ট্র্যাক্টস (সিএইচটি) কমিশন। গতকাল প্রধানমন্ত্রীর বরাবর দেওয়া এক চিঠিতে বলা হয়, অভিযোগ উঠেছে, সেনাবাহিনীর ‘ব্রাশফায়ারে’ দুই পাহাড়ির মৃত্যু হয়েছে। এ ধরনের অভিযোগ ওঠায় সিএইচটি কমিশন ভীষণ উদ্বিগ্ন। কমিশন বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছে, প্রকৃতপক্ষে মৃতের সংখ্যা আরও বেশি। স্থানীয় একটি বৌদ্ধ মন্দিরেও লুটপাট চালানো হয় বলে জানা গেছে।কমিশনের কো-চেয়ার এরিক অ্যাভেবারি, সুলতানা কামাল ও আইডা নিকোলাইসেন স্বাক্ষরিত ওই চিঠিতে আরও বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত আদিবাসীরা কমিশনের কাছে অভিযোগ করেছেন, সেনাবাহিনী গুলি চালানোর আগে সেখানকার বাঙালিরা স্থানীয় আদিবাসীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি এবং বান্দরবান, বাঘাইছড়ি ও দীঘিনালা প্রতিনিধি)