রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের একটি এলাকা বাঘাইহাট। ২০০৮ সালের ২০ এপ্রিলও সেখানে আদিবাসীদের ওপর হামলা হয়। তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। তবে তখন হত্যাকাণ্ড ঘটেনি। এবার হতাহতের ঘটনা ও ক্ষয়ক্ষতি অনেক বেশি। বারবার সেখানে এ ধরনের ঘটনা কেন ঘটছে—জানতে চাইলে সংশ্লিষ্ট প্রশাসনের একটি সূত্র প্রথম আলোকে বলে, ওই এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। পার্বত্য চট্টগ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর ও সমৃদ্ধ কয়েকটি এলাকার একটি সাজেকের নিয়ন্ত্রণস্থল (কন্ট্রোল পয়েন্ট) মনে করা হয় বাঘাইহাটকে। তা ছাড়া আগ্নেয়াস্ত্র, মূল্যবান কাঠসহ অনেক পণ্যের অবৈধ ব্যবসা-বাণিজ্যেরও অন্যতম প্রধান পথ এটি। তাই এখান থেকে সাধারণ জনবসতি উঠে যাক, এটা অনেকেই চায়। সে জন্যই বারবার এই হামলা, বাড়িঘরে আগুন লাগানোর ঘটনা ঘটছে।নির্ভরযোগ্য সরকারি সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামে কয়েক দিনের সংঘাতময় পরিস্থিতিকে ‘দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার আরেকটি অপচেষ্টা’ হিসেবে দেখছে সরকার। সরকার মনে করে, এর সঙ্গে একাধিক ষড়যন্ত্রকারী গোষ্ঠী জড়িত রয়েছে এবং এ ধরনের আরও সংঘাত সৃষ্টির চেষ্টা চলতে পারে।পার্বত্য অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করে বিষয়টি সম্পর্কে তাঁকে অবহিত করেন। দীপংকর তালুকদার বলেন, একটি গোষ্ঠী সারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে বর্তমান সরকারের সাফল্য ব্যাহত করতে চায়। পার্বত্য চট্টগ্রামে সরকার অসাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টির যে উদ্যোগ নিয়েছে, তা ভণ্ডুল করতে চায় তারা। এর সঙ্গে একশ্রেণীর উগ্রপন্থী পাহাড়ি ও বাঙালি জড়িত আছে। গত রোববার সাজেক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বসে উপস্থিত সাংবাদিকসহ সবার উদ্দেশে তিনি এ কথা বলেন।ভূমি বিরোধ তৈরি করা: বাঘাইহাটে হামলা-পাল্টা হামলার কারণ হিসেবে ভূমি বিরোধের কথা বলা হলেও খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকার ভূমি নিয়ে পার্বত্য চট্টগ্রামের অন্যান্য এলাকার মতো বিরোধ ছিল না, নেইও। কারণ, পার্বত্য চট্টগ্রামে আশির দশকে যখন বাঙালি বসতি স্থাপনকারীদের (সেটেলার) পাঠানো হয়, তখন বাঘাইহাট ও এর আশপাশে তেমন কোনো জনবসতি ছিল না। দুর্গম এলাকা বলে সেখানে বাঙালিদেরও পাঠানো হয়নি। ফলে আদিবাসীদের ব্যবহূত কিংবা দখলি ভূমিতে বাঙালিদের বসিয়ে দেওয়ার ফলে যে ভূমি বিরোধ পার্বত্য চট্টগ্রামে সৃষ্টি হয়েছে, এখানে তা নেই-ই বলা যায়।প্রশাসন ও স্থানীয় সূত্রগুলো জানায়, বাঘাইহাটে বর্তমানে যে আদিবাসী পরিবারগুলো বসবাস করছে, তারা মূলত পার্বত্য চট্টগ্রামের যুদ্ধ পরিস্থিতির শিকার হয়ে শরণার্থী কিংবা অভ্যন্তরীণ উদ্বাস্তু হয়েছিল। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী তাদের নিজস্ব বাড়িঘর ও জায়গা-জমি ফেরত পাওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘদিনেও তারা তা না পেয়ে ’৯৮-৯৯ সালে এই পরিবারগুলো বাঘাইহাট এলাকায় বসতি স্থাপন করে।এর অনেক বছর পরে ২০০৬ সালে ওই স্থানের পার্শ্ববর্তী গঙ্গারামমুখ এলাকায় ৩২টি বাঙালি সেটেলার পরিবারকে বসতি স্থাপনের জন্য পাঠানো হয়। তখন থেকে সেখানকার ভূমি ব্যবহার নিয়ে সমস্যা সৃষ্টি হতে থাকে। এরই ধারাবাহিকতায় ২০০৮ সালে আদিবাসীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। তখন কয়েকটি আদিবাসী পরিবার অন্যত্র চলে গেলে তাদের ব্যবহূত জমিজমা বেহাত হয়। ওই ঘটনার দুই বছরেরও কম সময়ের ব্যবধানে এবারের হামলা হলো।সেনাক্যাম্প প্রত্যাহার হয়নি: সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত বছর পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে ৩৫টি অস্থায়ী ক্যাম্পসহ এক ব্রিগেড সেনাবাহিনী প্রত্যাহারের যে সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে, তার অংশ হিসেবে বাঘাইহাট এলাকার কোনো ক্যাম্প প্রত্যাহার করা হয়নি।তবে ওই এলাকার প্রশাসনিক কর্মকাণ্ডে কিছু জটিলতা রয়েছে বলে জানা গেছে। কারণ, এলাকাটি রাঙামাটি জেলা প্রশাসনের অধীন হলেও সেনাবাহিনীর খাগড়াছড়ি অঞ্চলের অন্তর্ভুক্ত। এর ফলে সৃষ্ট সমস্যা নিরসনের জন্য এলাকাটিকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের অধীনে নেওয়ার জন্য একবার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা সফল হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করবে: সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, গতকাল অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি নিয়ে একজন মন্ত্রী কথা তোলেন। তিনি প্রধানমন্ত্রীকে জানান, সমগ্র পার্বত্য চট্টগ্রামে একটি উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে খোঁজেন। তিনি গতকালের সভায় ছিলেন না। তাঁকে না পেয়ে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে নির্দেশ দেন পার্বত্য চট্টগ্রামের ঘটনা তদন্তের জন্য।জেএসএসের অভিযোগ: বাঘাইহাটের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে আটটায় বাঘাইহাট সেনা জোনের ৪ বীর বেঙ্গল সেনাসদস্যদের প্রত্যক্ষ সহায়তায় সম-অধিকার আন্দোলনের নেতৃত্বে বাঙালিরা সাম্প্রদায়িক হামলা চালিয়ে বাঘাইহাট বাজারসংলগ্ন বালুঘাট এলাকা থেকে মাচালং বাজার পর্যন্ত ৩৫টি জুম্ম বাড়িঘর ও দোকানপাট জ্বালিয়ে দিয়েছে এবং ব্যাপক লুটপাট করেছে। হামলাকারীরা একটি গির্জা ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের একটি পাড়া-কেন্দ্রেও অগ্নিসংযোগ করে। হামলার সময় সেনাসদস্যরা দেবেন্দ্র চাকমা হুক্কে (৪৮) নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে যায়। জানা গেছে, নির্যাতনের মুখে হুক্কে মৃত্যুবরণ করেছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষতিগ্রস্ত ও আতঙ্কিত আদিবাসীরা বাঘাইহাট-গঙ্গারামমুখের নিজেদের এলাকায় জড়ো হলে বাঙালিরাও সেখানে জড়ো হতে থাকে। এ সময় ঘটনাস্থলে বাঙালিদের পাশে ব্যাপক সেনা মোতায়েন করা হয়। একপর্যায়ে উত্তেজনা না থামিয়ে সেনাসদস্যরা আদিবাসীদের ওপর চড়াও হয়ে গুলিবর্ষণ শুরু করেন। এতে অন্তত আটজন নিহত ও ২৫ জন আহত হন বলে জানা যায়। এ ঘটনা তদন্তে তারা সংসদীয় দল গঠনের আহ্বান জানিয়েছে।চাকমা রাজার বিবৃতি: চাকমা সার্কেলের রাজা দেবাশীষ রায় গতকাল এক বিবৃতিতে বলেছেন, ‘বাঘাইহাটের সহিংস ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। এ ধরনের সাম্প্রদায়িক ঘটনা খুবই দুঃখজনক ও অনভিপ্রেত। এ ঘটনায় আদিবাসী-বাঙালি যে-ই দোষী হোক, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।’বিবৃতিতে ঘটনার বিষয়ে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে চাকমা রাজা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পাশাপাশি ঘটনার ব্যাপারে সবাইকে শান্ত থাকার ও ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান।সরকারি প্রতিনিধিদল কাল যাচ্ছে: দুই প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিব কাল বুধবার বাঘাইহাট পরিদর্শনে যাবেন। তাঁরা হতাহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সাক্ষাত্ ও তাঁদের আর্থিক সহায়তা দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিধিদলকে আজই বাঘাইহাট যাওয়ার নির্দেশ দিলেও সেখানে ইউপিডিএফ অবরোধ ডাকায় গত রাতে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। জানা গেছে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ও স্বরাষ্ট্রসচিব কাল হেলিকপ্টারযোগে সেখানে যাবেন। {এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন হরি কিশোর চাকমা, সাধন বিকাশ চাকমা ও পলাশ বড়ুয়া}