পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়িতে আদিবাসীদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বাঘাইহাট ও বাঘাইছড়িতে পাহাড়ি আদিবাসীদের ওপর দুর্বৃত্তদের ন্যক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ করে বলেন, এ হামলা কাপুরুষোচিত এবং এর মাধ্যমে একটি মহল দেশের জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। নাগরিক সমাবেশে দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদেরা অংশ নেন। আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় সাংসদ ও নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর বলেন, প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রে নিশ্চয়ই এমন কেউ রয়েছে, যারা বর্তমান সরকারের সাফল্য কামনা করে না। তারা সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ধরনের ষড়যন্ত্র ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার অবশ্যই দেশের সব নাগরিকের সম-অধিকার নিশ্চিত করবে।সাংসদ রাশেদ খান মেনন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিচার-বিবেচনা না করে পার্বত্য এলাকায় পুনরায় সেনা মোতায়েনের কথা বলেছেন। সেনা মোতায়েনই যদি এ সমস্যার সমাধান হতো, তাহলে সেনা ক্যাম্পের পাশে অগ্নিসংযোগ, লুণ্ঠন ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটত না।জাসদের সভাপতি ও সাংসদ হাসানুল হক ইনু বাঘাইহাটের ঘটনার তদন্ত করার জন্য বিচার বিভাগীয় কমিটি গঠনের আহ্বান জানান। তিনি বলেন, সাংসদেরা দরকার হলে নিজেরাই গিয়ে এই ন্যক্কারজনক ঘটনার তদন্ত করবে।চাকমা রাজা দেবাশীষ রায় বাঘাইহাটের হামলাকে দেশ, জাতি ও গণতন্ত্রের ওপর হামলা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার করা না গেলে দেশের গণতন্ত্র বিপথগামী হতে পারে।