সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার অন্দোলনের নেতারা
বাঘাইহাটের সহিংসতার জন্য সুলতানা কামাল দায়ী!
পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতার জন্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনকে দায়ী করে সংস্থাটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার অন্দোলনের নেতারা। আজ বৃহস্পতিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা নিজেদের নয় দফা দাবি তুলে ধরেন। তাঁরা অভিযোগ করেন, মানবাধিকার নেত্রী সুলতানা কামালের আইন ও সালিশ কেন্দ্র (আসক), ইউএনডিপিসহ আরও কিছু এনজিও আদিবাসীদের ক্ষেপিয়ে তুলে এই ঘটনা ঘটিয়েছে। সংবাদ সম্মেলনে তিন পার্বত্য জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার অন্দোলনের বাঙালি নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙালিদের নিয়ে গঠিত।সংগঠনটির উত্থাপিত নয় দফা দাবির মধ্যে ছিল বৈষম্যমূলক পার্বত্য শান্তিচুক্তি বাতিল করা, বিতর্কিত ভূমি কমিশন বাতিল ও পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাক্যাম্প প্রত্যাহার বাতিল করা। এ ছাড়া তাঁরা সেখান থেকে অবৈধ অস্ত্র উদ্ধারেরও দাবি করেন।সংবাদ সম্মেলনে নেতারা বাঘাইহাটে সাম্প্রতিক সংঘষের আগে দুষ্কৃতকারীদের সঙ্গে সুলতানা কামালের আসকের বৈঠক হয়েছে—এমন অভিযোগ করলে উপস্থিত সাংবাদিকেরা এর সপক্ষে প্রমাণ চান। কিন্তু পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের নেতারা সেই প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন।আলোচিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সম-অধিকার আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক সাংসদ আবদুল ওদুদ ভুঁইয়া।