চট্টগ্রামে কর্মকর্তাদের প্রধানমন্ত্রী
বাঘাইহাটের সহিংসতার পেছনে দেশি-বিদেশি খেলা থাকতে পারে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুৎ সংকট দূর করতে সময় লাগবে। আমাদের সময় এ সমস্যার সমাধান করব। দেশে মারাত্মক বিদ্যুৎ সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, এ সমস্যা নিয়েই আমাদের সরকার যাত্রা শুরু করেছে। আমরা কিছু বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি। কিন্তু এটা যথেষ্ট নয়। কারণ, বিদ্যুতের চাহিদা দিন দিন বাড়ছে। তিনি বলেন, সম্প্রতি রাঙামাটির বাঘাইহাটে সংঘটিত সহিংসতার পেছনে দেশি-বিদেশি খেলা থাকতে পারে। প্রধানমন্ত্রী গতকাল দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন। এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ এন এম সিদ্দিক, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আসাদুজ্জমান মিয়া, নগর পুলিশের কমিশনার মো. মনিরুজ্জমান, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদ উদ্দীন চৌধুরী, জেলা পুলিশ সুপার জেড এ মোরশেদসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে দেওয়া ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে কর্মকর্তাদের উদ্দেশে বলেন, অনেক ঝামেলা, অনেক সমস্যা আসবে। সেটা মোকাবিলা করে আপনাদের কাজ করতে হবে। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে ঘটে যাওয়া ঘটনাকে অনভিপ্রেত উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এর পেছনে অনেক খেলা থাকতে পারে। সেটা দেশের খেলা, আন্তর্জাতিক খেলাও হতে পারে। উন্নয়নমূলক কর্মকাণ্ড বাড়াতে পারলে পার্বত্য এলাকায় শান্তি বজায় থাকবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন বাধা-বিপত্তি সম্পর্কে জানতে চান। এ সময় ডিআইজি আসাদুজ্জমান বলেন, জনবল সংকটের কারণে দায়িত্বপালনে কুলিয়ে উঠতে পারছি না। চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, চট্টগ্রাম অঞ্চলের জন্য সদ্যপ্রতিষ্ঠিত কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সানোয়ার হোসেন চৌধুরী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপমহাকারাধ্যক্ষ (ডিআইজি প্রিজন) মো. ফয়জুর রহমান, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন সংস্থার চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক আবদুল লতিফ খান, চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সৈয়দা সরোয়ার জাহান, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহিউদ্দীন আহমেদ, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল কাদের নিজ নিজ প্রতিষ্ঠানের নানা কর্মকাণ্ড ও সমস্যার কথা তুলে ধরেন। সেনাবাহিনীর পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান: প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামে বিএএফ জহুরুল হক বিমান ঘাঁটিতে অবতরণ করেন। সেখান থেকে তিনি হালিশহর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন ভারতীয় সেনাবাহিনীর পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তা। দুপুরে প্রধানমন্ত্রীর নগরের লালখান বাজার এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত রেডিসন হোটেলের চেইন হোটেল পাঁচতারামানের চট্টগ্রামের বে-ভিউ-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিল। শেষ মুহূর্তে ওই অনুষ্ঠান বাতিল করা হয়। সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ একবার একই জায়গায় হোটেল ‘রেডিসন উইন্টার গার্ডেন’ নামে একটি পাঁচতারা হোটেল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। দলীয় কর্মসূচি: বিকেলে প্রধানমন্ত্রী সার্কিট হাউসের একই সম্মেলন কক্ষে নগর আওয়ামী লীগের নেতাদের নিয়ে প্রায় এক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক করেন। দলীয় সূত্র জানায়, বৈঠকে দলীয় কোন্দল নিয়ে কোনো আলোচনা হয়নি। বরং নেতারা চট্টগ্রামের উন্নয়নবিষয়ক কিছু প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব করেন। প্রধানমন্ত্রী তাঁদের বক্তব্য শোনার পর সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন। বৈঠকের শুরুতে দুই দফায় প্রায় আধা ঘণ্টা বক্তৃতা করেন প্রধানমন্ত্রী। এ সময় চট্টগ্রামের উন্নয়নে গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে তিনি বলেন, আমরা কর্ণফুলী নদীতে একটি টানেল এবং একটি নতুন রিফাইনারি করার উদ্যোগ নিয়েছি।