বাঘাইহাটের সহিংসতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট: পার্বত্য অঞ্চল থেকে বাঙালি প্রত্যাহারের আহ্বান
বাঘাইহাটের সহিংস ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছে সাজেক ভূমি রক্ষা কমিটি ও সাজেক নারী সমাজসহ কয়েকটি প্রগতিশীল সংগঠন। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে এ অবস্থান ধর্মঘট শুরু হয়।অবস্থান ধর্মঘট চলাকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রগতিশীল সংগঠনের প্রতিনিধিরা আদিবাসীদের সঙ্গে তাঁদের সংহতি প্রকাশ করেন। সমাবেশ থেকে গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি আদিবাসীদের ওপর চালানো হামলার সঙ্গে জড়িতদের বিচার ও সংবিধানে আদিবাসীদের জাতিসত্তার স্বীকৃতি দাবি করা হয়। পার্বত্য চট্টগ্রামে আগে যেসব গণহত্যা হয়েছে, সেগুলো তদন্ত করতে কমিটি গঠিত হলেও ওই কমিটিগুলোর প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ না করায় সভায় উপস্থিত সবাই শঙ্কা প্রকাশ করেন। এ ছাড়া বক্তারা পার্বত্য অঞ্চল থেকে বহিরাগত বাঙালিদের সম্মানের সঙ্গে সমতলে ফিরিয়ে আনার আহ্বান জানান।অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য দেন নয়া গণতান্ত্রিক মোর্চার জাফর হোসেন, জাতীয় মুক্তি কাউন্সিলের ফয়জুল হাকিম ও জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের এহতেশাম উদ্দিন।