বাঘাবাড়ী ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ
সিরাজগঞ্জে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ডিপো থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন বন্ধ রয়েছে। শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে অবস্থিত এই ডিপোতে শ্রমিকেরা আজ সোমবার সকালে জ্বালানি তেল উত্তোলন বন্ধ করে দেন। ডিপো ও স্থানীয় তেল ব্যবসায়ী সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজের নেতৃত্বে একদল শ্রমিক তেল চুরির দায়ে চাকরিচ্যুত নয়জন নিরাপত্তাকর্মীকে চাকরিতে পুনর্বহালসহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ দাবিগুলো না মানায় ক্ষিপ্ত হয়ে শ্রমিকেরা আজ সকালে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ করে দেন।বেলা ১১টার দিকে স্থানীয় সাংসদ চয়ন ইসলাম প্রশাসন, তেল ব্যবসায়ী, ডিপো কর্তৃপক্ষ ও শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে বৈঠকে বসেন। তবে এ আন্দোলনে তেল ব্যবসায়ী সমিতি যোগ দেয়নি। এ বিষয়ে যমুনা অয়েল কোম্পানির ডিএস মো. ইউসুফ অভিযোগ করে বলেন, শ্রমিকনেতা শাহজাহান সিরাজ বিভিন্ন সময় বিভিন্ন তদবির নিয়ে আসতেন। এসব অবৈধ দাবি মেনে না নেওয়ায় তাঁরা জোর করে জ্বালানি তেল উত্তোলন বন্ধ করে দিয়েছেন।এ বিষয়ে শাহজাহান সিরাজের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অপর একটি সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজমত আলী ফোন রিসিভ করে বলেন, ‘আন্দোলন চলছে। শাহজাহান সিরাজ সাংসদের ডাকা বৈঠকে গেছেন। বৈঠক শেষে কথা বলা হবে।’এদিকে তেল উত্তোলন বন্ধ থাকায় বেলা ১১টা পর্যন্ত ডিপো থেকে কোনো ধরনের ট্যাংক-লরি বের হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।