বাঘাবাড়ীর সমবায়ীদের দুটি দাবি মেনে নিয়েছে মিল্কভিটা কর্তৃপক্ষ
বাঘাবাড়ী এলাকার সমবায়ীদের দুটি দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে মিল্কভিটা কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির মহাপরিচালক নাসিম আহমেদ আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দুধ সংগ্রহে মূল্যবৃদ্ধি এবং দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা হবে। তবে নাসিম আহমেদ তাঁর অপসারণের দাবিকে অযৌক্তিক আখ্যায়িত করে বলেছেন, তাঁর পরিচালনার সময় মিল্কভিটা ১৬ কোটি টাকা মুনাফা করেছে এবং আগের যেকোনো সময়ের চেয়ে ভালো অবস্থায় চলছে।এদিকে মিল্কভিটার সিডিএ নেতারা হুমকি দিয়ে বলেছেন, মহাপরিচালককে অপসারণ করা হলে সারা দেশের দুগ্ধ খামারিরা তরল দুধ সরবরাহ বন্ধ করে দেবেন। তাঁরা আজ মিল্কভিটার তেজগাঁও কার্যালয়ে মিছিল করে মহাপরিচালকের অপসারণের দাবির বিরুদ্ধে স্লোগান দেন।মহাপরিচালক নাসিম আহমেদ বলেন, তরল দুধ সংগ্রহের মূল্যবৃদ্ধির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। মন্ত্রণালয়ে এ ব্যাপারে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারেও উদ্যোগ নেওয়া হয়েছে। বাঘাবাড়ী ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে দুধ সরবরাহ স্বাভাবিক রয়েছে বলেও তিনি দাবি করেন। আজ বিকেলের মধ্যে বাঘাবাড়ীতেও দুধ সংগ্রহ করা সম্ভব হবে বলে তিনি জানান।সম্মেলনে মিল্কভিটার সিডিএ ও অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।