বাঘায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত
রাজশাহীর বাঘায় দুর্বৃত্তের গুলিতে আজ শুক্রবার সন্ধ্যায় হাবিবুর রহমান (২৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি চারঘাট উপজেলার রাওথা গ্রামের গোলাম রসুলের ছেলে। এদিকে হাবিবুরকে গুলি করার অভিযোগে সামাদ মোল্লা (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে পিস্তলসহ পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। সামাদ বাঘা উপজেলার হেলালপুর গ্রামের আকেসদ মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মীরগঞ্জ হাইস্কুল মাঠে সামাদ মোল্লার সঙ্গে হাবিবুর রহমানের ভাই সাদেক আলীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সামাদ পিস্তল বের করে গুলি চালান। সেই গুলি সাদেক আলীর গায়ে না লাগলেও তিনি পড়ে যান। এ সময় মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছিলেন হাবিবুর রহমান। আশপাশের মানুষ তাঁকে (হাবিবুর) জানান, তাঁর ভাই সাদেক আলী মারা গেছেন। খবর শুনে তিনি সঙ্গে সঙ্গে স্কুলের মাঠে যান। সেখানে সামাদ মোল্লা গুলি করলে হাবিবুর গুলিবিদ্ধ হন।পরে স্থানীয় লোকজন হাবিবুরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পথে চারঘাটের হলদিগাছি রেলগেট এলাকায় হাবিবুর মারা যান। রাত আটটার দিকে তাঁর লাশ সেখান থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এদিকে সামাদ মোল্লা দাবি করেছেন, হাবিবুরের ভাই সাদেক আলী তাঁর কাছে টাকা পাবেন। টাকা না পেয়ে তিনি (সামাদ) তাঁর ফেনসিডিল লুট করেছেন। আজ বিকেলে তিনি বাঘা উপজেলার মীরগঞ্জ হাইস্কুল মাঠে আসেন। বিকেল থেকে তাঁদের মধ্যে এ নিয়ে ঝগড়া চলছিল। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রশিদ বলেন, সামাদ মোল্লার নামে বাঘা থানায় একটি চোরাচালানির মামলা রয়েছে। তিনি ওই মামলার পলাতক আসামি। গণপিটুনিতে তিনি গুরুতর আহত হয়েছেন। তাঁকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবদুর রাজ্জাক হাবিবুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।