বাঘায় দেশীয় অস্ত্রসহ জামায়াত কর্মী গ্রেপ্তার
রাজশাহীর বাঘায় জাহাঙ্গীর হোসেন (৪০) নামের জামায়াতের এক কর্মীকে আজ মঙ্গলবার দুপুরে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। তিনি উপজেলার বারখাদিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একজন পল্লি চিকিত্সক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বারখাদিয়া বাজারে অবস্থিত জাহাঙ্গীর হোসেনের চিকিত্সালয়ে অস্ত্র আছে, এমন সন্দেহে স্থানীয় লোকজন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলীর কাছে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে রুস্তম আলী জাহাঙ্গীরকে সঙ্গে নিয়ে তাঁর চিকিত্সালয়ের তালা খোলেন। এ সময় সেখানে একটি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও দুইটি লোহার রড পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেন। তবে অভিযুক্ত জাহাঙ্গীর দাবি করেছেন, তিনি নিজে এগুলো রাখেননি। তাঁকে ফাঁসানো হয়েছে। বাঘা থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, গত ২৮ ফেব্রুয়ারি পুলিশের ওপর হামলা ও সহিংসতার অভিযোগে করা মামলায় জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।