বাঘায় পুলিশের ওপর জামায়াতের হামলা, অস্ত্র লুট
রাজশাহীর বাঘায় পুলিশের ওপর হামলা চালিয়ে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের অস্ত্র ও আসামি ছিনিয়ে নিয়ে গেছেন। আজ রোববার রাতে উপজেলার মর্শিদপুর এলাকায় পৌর জামায়াতের আমিরকে গ্রেপ্তার করতে গেলে এ ঘটনা ঘটে। হামলায় পুলিশের ছয়জন সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত এক সহকারী উপপরিদর্শককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাঘা পৌর জামায়াতের আমির নূহু সরকারকে গ্রেপ্তারের জন্য আজ সন্ধ্যা সাতটার দিকে বাঘা থানা পুলিশের পাঁচ-ছয়জনের একটি দল মর্শিদপুর এলাকায় অভিযানে যায়। এ সময় নূহু সরকার স্থানীয় ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে টেলিভিশন দেখছিলেন। সহকারী উপপরিদর্শক নূরুজ্জামান তাঁকে গ্রেপ্তার করেন।নূহু সরকারকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে জামায়াত-শিবিরের কর্মীরা সংগঠিত হয়ে পুলিশের ওপরে হামলা চালান। তাঁরা প্রথমে নূরুজ্জামানকে বেধড়ক পিটিয়ে তাঁর রিভলবার কেড়ে নেন। পুুলিশের অন্য সদস্যরা এগিয়ে গেলে তাঁদের সঙ্গেও জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে তাঁরা গ্রেপ্তার করা আসামি নূহু সরকারকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। থানা সূত্রে জানা গেছে, আসামি ধরতে বাঘা থানা পুলিশের পাঁচ-ছয়জন সদস্য অংশ নেন। তাঁদের মধ্যে একমাত্র নূরুজ্জামান পোশাকে এবং বাকিরা সাদা পোশাকে ছিলেন। সংগঠিত জামায়াত-শিবিরের কর্মীদের হামলায় পুলিশের বাকি সদস্যরাও আহত হন। গুরুতর আহত অবস্থায় নূরুজ্জামান ও পুলিশের আরও একজন সদস্যকে স্থানীয় লোকজন বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত সাড়ে নয়টার দিকে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, তখনো পুলিশ ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধার করতে পারেনি। পুলিশের সদস্যরা বিপদমুক্ত কি না, তা-ও জানা যায়নি। এ ব্যাপারে কথা বলার জন্য বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদের সঙ্গে যোগাযোগের জন্য তাঁর মুঠোফোনে চেষ্টা করা হলে পুলিশের অন্য একজন কর্মকর্তা ফোনটি ধরেন। তিনি জানান, হামিদুর রশীদ অসুস্থ অবস্থায় গতকাল শনিবার থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। থানায় ফোন করা হলে একজন কনস্টেবল ফোন ধরে বলেন, তিনি কিছুই বলতে পারছেন না। থানার ডিউটি অফিসার হাসপাতালে গেছেন। যোগাযোগ করা হলে রাজশাহীর পুলিশ সুপার আলমগীর কবির প্রথম আলো ডটকমকে বলেন, তাঁরা অস্ত্র উদ্ধার নিয়ে ব্যস্ত আছেন।