বাঘার পৌর মেয়র আক্কাছ আলী আবার গ্রেপ্তার
রাজশাহীর বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে তাঁর কলিগ্রামের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ হাশমী প্রথম আলো ডটকমকে জানান, মেয়রের বিরুদ্ধে নারী নির্যাতন, চাঁদাবাজি, গম কেলেঙ্কারি ও স্থানীয় সাংসদকে গালাগালি করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ১৭টি মামলা ও ১৯টি সাধারণ ডায়েরি (জিডি) আছে।এর আগে গত বছরের ২৬ সেপ্টেম্বর জেলা জজ আদালতের নাজিরসহ আদালতের ছয় কর্মচারীকে আহত করার ঘটনায় পুলিশ আক্কাছ আলীকে গ্রেপ্তার করেছিল।রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লায়েব উদ্দিন ও বাঘা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমানুল হাসান জানান, পৌর মেয়র আক্কাছ আলীর কর্মকাণ্ডে তাঁরা বিব্রত। তাঁর সাম্প্রতিক আচরণে এলাকায় আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।বাঘা থানা পুলিশ জানায়, পৌর মেয়র আক্কাছ আলীর বিরুদ্ধে একাধিক নারী নির্যাতন, সরকারি কাজে বাধা, ধর্ষণ, জমি দখল, দুর্নীতি, হামলা ও ভাঙচুরের অভিযোগ আছে। ১ জুন তিনি নারায়ণপুর এলাকার এক গৃহবধূর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া ১২ জুন সন্ত্রাসী বাহিনীকে সঙ্গে নিয়ে বাঘা বাস-টার্মিনালের একটি খাবার হোটেলে তিনি এক লাখ টাকা চাঁদা দাবি করেন বলেও অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, এই চাঁদা না পেয়ে তাঁর লোকজন হোটেল ব্যবস্থাপককে মারধর ও ৩২ হাজার টাকা লুট করে।সংশ্লি¬ষ্ট সূত্র জানায়, ২০০৭ সালের ৩ মার্চ বাঘার পৌর মেয়র আক্কাছ আলীকে আটক করার পর জেলা বিশেষ শাখার তত্কালীন পুলিশ সুপার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর সম্পর্কে একটি প্রতিবেদন দাখিল করেন। এতে আক্কাছ আলীকে ‘গডফাদার’ হিসেবে উল্লেখ করা হয়।বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জানান, মাতলামির কারণে আগে দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল। ২০০৮ সালে তাঁকে দল আবারও ফিরিয়ে নেয়। কীভাবে তাঁকে দলে ফিরিয়ে নেওয়া হলো, সে সম্পর্কে স্থানীয় নেতারা কিছুই জানেন না।এ প্রসঙ্গে পৌর মেয়র আক্কাস আলী তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ও জিডি থাকার সত্যতা স্বীকার করে বলেন, ‘এগুলো যা শুনেছেন, তা সবই পূর্বের কাহিনি। মেয়র হওয়ার পর আমি শুধু নাজিরকে পিটিয়েছি। আর সম্প্রতি আমার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানি ও হোটেল ভাঙচুরসহ যে কয়েকটি অভিযোগ শোনা যাচ্ছে, সেগুলো মিথ্যা।’ তিনি এসব ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেন।