বাঘার মেয়রকে পুনর্বহালের আদেশ স্থগিত
রাজশাহীর বাঘা পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র মো. আক্কাস আলীকে পুনর্বহালের আদেশ এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে রুল জারি করে এ আদেশ দেন। রুলে ওই মেয়রের সাময়িক বরখাস্ত প্রত্যাহারের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, জ্যেষ্ঠ সহকারী সচিব, রাজশাহীর জেলা প্রশাসক, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মো. আক্কাস আলীকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।জানা যায়, গত ২৪ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব রেহানা ইয়াছমিনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর ৩১(১) অনুযায়ী রাজশাহীর বাঘা পৌরসভার মেয়র মো. আক্কাস আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এতে তাঁর বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, মদ্যপান করে কার্যালয়ে আসাসহ বিভিন্ন অভিযোগে ১৭টি মামলা ও সাধারণ ডায়েরি করা হয়েছে। একই সঙ্গে পৌরসভার এক নম্বর প্যানেল মেয়রকে অবিলম্বে মেয়রের দায়িত্বভার নিতেও বলা হয়। আদালত সূত্র জানায়, সাময়িক বরখাস্ত আদেশের বিরুদ্ধে মেয়র আক্কাস আলী হাইকোর্টে আবেদন (রিট) করলে ৭ আগস্ট রুল জারি করেন আদালত।২৬ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আর এক আদেশে ধর্ষণসংক্রান্ত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আক্কাস আলীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়। একই সঙ্গে এক নম্বর প্যানেল মেয়রকে পৌরসভার দায়িত্বভার হস্তান্তর করতে বলা হয়। এর বিরুদ্ধে আবদুল কুদ্দুস গতকাল রোববার আদালতে আবেদন করেন। আজ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। পরে আইনজীবী ইউনুস আলী আকন্দ প্রথম আলো ডটকমকে বলেন, মেয়রের বিরুদ্ধে জিডিসহ ১৭টি মামলা ছিল। একটি নিষ্পত্তি হলেও অন্যান্য অভিযোগ নিষ্পত্তি ছাড়া তাঁকে ওই পদে পুনর্বহাল করা যায় না। এ কারণে রিটটি করা হয়। আদালত সাময়িক বরখাস্ত প্রত্যাহারের আদেশে স্থগিতাদেশ দিয়েছেন। এতে প্যানেল মেয়র হিসেবে কুদ্দুস সরকারের দায়িত্ব পালনে বাধা নেই।