বাঘার সেরা বিদ্যালয়টির বেহাল দশা
১৯৯৮ সালে শিক্ষা সপ্তাহে সারা দেশের মধ্যে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সেরা নির্বাচিত হয়। এবার দেশে প্রথম প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হলো। এ পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ৯৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩২ জনই অকৃতকার্য হয়েছে। সেরা বিদ্যালয়টির এ ফলাফলে অভিভাবকেরা হতাশ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উপজেলায় গড় পাসের হার ৯৩ দশমিক ৭৫। কিন্তু আড়ানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাসের হার ৬৬ দশমকি ৬৭। সরকারি-বেসরকারি মিলে উপজেলার ৭০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এই হার নিচের দিক থেকে দ্বিতীয়। সবচেয়ে খারাপ করেছে শাহ আব্বাস নামের একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। দেশের সেরা বিদ্যালয়টির পাসের এই হারে যারপরনাই ক্ষুব্ধ অভিভাবকেরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, এখানে শিক্ষার আগের সেই পরিবেশ নেই। নামকরা বিদ্যালয়টিতে বাচ্চাদের পাঠিয়ে তাঁরা আর নিশ্চিন্ত থাকতে পারছেন না।প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য নায়েব আলী জানান, এখানকার পড়াশোনার মান এতই নিচে নেমে গেছে যে, তাঁরা এখন হতাশ। তিনি আরও জানান, বিদ্যালয়ের পরিবেশ দেখে তিনি পর্ষদের সভায় যাওয়াই ছেড়ে দিয়েছেন। প্রতিষ্ঠানটির দিকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর দেওয়া দরকার বলে তিনি মত প্রকাশ করেন। বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯২২ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে ছয়টি ভবনে ১২টি শ্রেণীকক্ষ রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা ৬৩২ এবং দুজন শিক্ষক ও ১০ জন শিক্ষিকা আছেন। প্রধান শিক্ষক মতিউর রহমান বলেন, এবার দুজন শিক্ষক মাতৃত্বকালীন ছুটিতে এবং আরও একজন প্রশিক্ষণে আছেন। এ সময়ে একটি অতিরিক্ত শিশু শ্রেণী খোলা হয়। এ চাপে পঞ্চম শ্রেণীর তিনটি শাখা ভেঙে দুটি করা হয়। ফলে স্বল্পসংখ্যক শিক্ষক নিয়ে পাঠদান খুবই কঠিন হয়ে পড়ে। সে জন্য ফলাফল খারাপ হয়েছে। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুজ্জামান বলেন, উপজেলার গড় পাসের হার বেশ সন্তোষজনক। শুধু আড়ানীরই এ অবস্থা হয়েছে। কীভাবে আগামী দিনে বিদ্যালয়টির পাসের হার বাড়ানো যায়, তাঁরা সেই চেষ্টা করছেন। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গেও আলাপ করা হয়েছে বলে তিনি জানান।