রাজশাহীর বাঘা উপজেলায় একুশের প্রথম প্রহরে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে উসকানিমূলক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাঘা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করতে বলা হয়। এ সময় বিএনপির নেতা-কর্মীরা দলীয় স্লোগান দিয়ে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যায়। যাওয়ার সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক স্লোগান দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের ধাওয়া করে। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষে অন্তত পাঁচজন আহত হয়। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিয়ে কেউ থানায় কোনো অভিযোগ করেনি।