বাঘায় আম ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় গতকাল সোমবার দিবাগত রাতে বাড়ির পাশের একটি শুকনো পুকুর থেকে ইউনুস আলী (৪৫) নামের এক আম ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে আমবাগান তদারকি করতে বের হন ইউনুস আলী। এরপর তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তাঁর স্বজনেরা খুঁজতে বের হলে বাড়ির পাশে একটি শুকনো পুকুরে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর পেটের বাঁ পাশে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তাঁর হাতের কবজিও কাটা ছিল। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে ইউনুসের লাশ উদ্ধার করে বাঘা থানার পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী প্রথম আলো ডটকমকে বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে ইউনুসের চাচাত ভাইয়েরা এই হত্যাকাণ্ড ঘটাতে পারেন। গতকাল রাতে ইউনুসের চাচাত ভাই শহীদুল ও আসাদুল ওই বাগানের পাহারায় ছিলেন। কিন্তু আজ সকাল থেকে তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বাগানের টং থেকে রক্তমাখা লাঠি ও হাঁসুয়ার বাট পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।