বাঘায় সাংসদ ও সাবেক মেয়রের সমর্থকদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় গতকাল শনিবার সন্ধ্যায় পৌরসভার বরখাস্ত হওয়া সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী ও স্থানীয় সাংসদ শাহরিয়ার আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল আক্কাস আলী উপজেলার নারায়ণপুর ইউনাইটেড ক্লাব প্রাঙ্গণে ইফতারের আয়োজন করেন। ইফতার শেষে আক্কাস আলীর একজন সমর্থকের সঙ্গে সাংসদের সমর্থক কয়েকজনের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তা দুই পক্ষের সংঘর্ষে রূপ নেয়। একসময় আক্কাস আলী বাকুপাণ্ডের আড়তে আশ্রয় নেন। সেখানে সাংসদের সমর্থকেরা হামলা চালিয়ে বেশ কিছু আসবাব ভাঙচুর ও আক্কাস আলীর সমর্থকদের চারটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ ঘটনায় আক্কাস আলীর সমর্থক আমিরুল, জাকির হোসেন, তোজাম্মেল হকসহ উভয় পক্ষের ১০ জন আহত হন।আক্কাস আলীর ভাষ্য, ইফতার পার্টিতে প্রচুর লোকের সমাগম হয়। এতে সাংসদ শাহরিয়ার ঈর্ষাপরায়ণ হয়ে তাঁর লোকজনকে এদের ওপর লেলিয়ে দেন। পুলিশকে ফোন করা হলেও পুলিশকে ঠেকিয়ে রাখা হয়। তাই পুলিশ ঘটনার এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায়।এদিকে সাংসদ শাহরিয়ার আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, ইফতার পার্টিতে সাংসদের সমালোচনা করে বক্তব্য দেওয়া হয়েছে। এতে সাংসদের সমর্থকেরা ক্ষিপ্ত হন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় এখনো কেউ মামলা করেননি। ঘটনাস্থলে দেরিতে পুলিশ যাওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়।