বাঘে খেলে দুই লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেটের দায়ে যেসব গরিব মানুষ সুন্দরবনে কাজ করতে যান, তাঁদের মধ্যে বাঘের কবলে পড়া লোকের সংখ্যা নেহাত কম নয়। পার্বত্য চট্টগ্রাম ও শেরপুর বনাঞ্চলের বড় বিপদ আবার হাতি; বিশেষ করে সীমান্ত এলাকায় হাতির আক্রমণে জানমালের ক্ষয়ক্ষতি নিয়মিত ঘটনা।বন্য প্রাণী ও মানুষের এ ধরনের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা দিতে একটি নীতিমালা তৈরি করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। নতুন এ নীতিমালায় বাঘ, কুমির, হাতি ও অজগরের আক্রমণে কেউ মারা গেলে তাঁর পরিবার দুই লাখ টাকা ক্ষতিপূরণ পাবে। পঙ্গু হয়ে গেলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি পাবেন এক লাখ টাকা।এ ছাড়া বন্য প্রাণী বসতি এলাকায় এসে সম্পত্তি ও ফসলের ক্ষতি করলে মানুষ যাতে তাদের প্রতি বৈরী আচরণ না করে, সে জন্য রাখা হয়েছে আর্থিক ক্ষতিপূূরণের ব্যবস্থা।বন অধিদপ্তরের তৈরি করা খসড়া নীতিমালাটি অনুমোদনের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব শিগগির মন্ত্রণালয় থেকে তা অনুমোদন দেওয়া হবে বলে জানা গেছে। নীতিমালার সঙ্গে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ ও বন্য প্রাণী সংঘাত নিরসনের জন্য ক্ষতিপূরণ কার্যক্রম চালু আছে। ফলে বন্য প্রাণী ও বন্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণের কার্যক্রম জোরদার হচ্ছে। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে এই নীতিমালা তৈরি করা হয়েছে।পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, বন্য প্রাণী ও মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের চেষ্টার অংশ হিসেবে এই নীতিমালা তৈরি করা হচ্ছে, যাতে মানুষ জানমালের ক্ষয়ক্ষতির কারণে আক্রোশের বশবর্তী হয়ে বন্য প্রাণীকে না মেরে ফেলে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোস্তফা ফিরোজ এই খসড়া নীতিমালা সম্পর্কে বলেন, বন্য প্রাণী জনবসতি এলাকায় চলে আসার পর তার কোনো ক্ষতি না করে বনে ফেরত পাঠালে পুরস্কারের ব্যবস্থা থাকা উচিত। পাশাপাশি বন্য প্রাণীর জন্য নির্দিষ্ট এলাকা অক্ষুণ্ন রাখা এবং তাদের চলাচলের পথগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া উচিত।মৃত্যুর মিছিল: বন অধিদপ্তরের হিসাব অনুযায়ী গত পাঁচ বছরে বন্য প্রাণী ও মানুষের সংঘর্ষ বেড়েছে। সুন্দরবনসংলগ্ন এলাকায় বাঘ ও মানুষের সংঘর্ষে বছরে গড়ে ১৫ থেকে ২৫ জন মানুষ ও দুটি বাঘ মারা যায়। ২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত ১৯৩ জন মানুষ ও ২৩টি বাঘ মারা গেছে। হাতির আক্রমণে গত পাঁচ বছরে মারা গেছে ১৩৫ জন, যাদের বেশির ভাগই পার্বত্য চট্টগ্রাম ও গারো পাহাড়সংলগ্ন শেরপুর-ময়মনসিংহ সীমান্ত এলাকার।সুন্দরবনসংলগ্ন এলাকায় কুমিরের আক্রমণে মারা গেছে পাঁচজন। আহত হয়েছে শতাধিক।যাঁরা ক্ষতিপূরণ পাবেন: আইন অনুযায়ী বনাঞ্চলে প্রবেশের অনুমতিপ্রাপ্ত কোনো ব্যক্তি ও সরকারি কর্মকর্তা-কর্মচারী বনাঞ্চলের বাঘ, কুমির, হাতি ও অজগর সাপ দ্বারা আক্রান্ত হলে; বন এলাকার চিহ্নিত সীমানার বাইরে আক্রান্ত হলে ও বনভূমির সীমানার বাইরের জমির ফসল এবং ঘরবাড়ি ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে; হতাহত হওয়া এবং সম্পত্তির ক্ষয়ক্ষতির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তাঁর প্রতিনিধি ঘটনার সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কাছে নির্ধারিত ফরমে ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরবেন। এ ছাড়া সংশ্লিষ্ট থানায় করা জিডি এবং চিকিৎসকের সনদপত্র সংযুক্ত করতে হবে।