বাঘের কবলে পড়ে চিড়িয়াখানাকর্মীর মৃত্যু
চিড়িয়াখানায় বাঘ যতক্ষণ খাঁচায় বন্দী থাকে, লোকজন ততক্ষণ নিরাপদ। হিংস্র এই প্রাণিটি বেরিয়ে এলে আর রক্ষা নেই। আজ জার্মানির কোলনে একটি চিড়িয়াখানায় এমনই এক বাঘের কবলে পড়ে মারা গেছেন একজন কর্মী। পুলিশের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক খবরে বলা হয়, গুলি করে হত্যা করার আগেই বাঘটি ওই নারী কর্মীকে মেরে ফেলে।পুলিশের মুখপাত্র স্টেফান কির্চনার বলেন, বাঘটি তার খাঁচা ও সংলগ্ন একটি গুদামঘরের ফোকর গলে বেরিয়ে আসে এবং ঝাঁপিয়ে পড়ে ৪৩ বছর বয়সী ওই কর্মীর ওপর। তিনি অ্যাসোসিয়েট প্রেসকে আরও বলেন, ‘সম্ভবত দরজাটি ঠিকভাবে লাগানো ছিল না।’কিছুক্ষণের মধ্যে চিড়িয়াখানাটি জনশূন্য করে ফেলা হয়। ডাক পড়ে বিশেষ বাহিনী সোয়াতের। অবশ্য বিশেষ পুলিশ বাহিনী পৌঁছার আগেই চিড়িয়াখানার পরিচালক গুদামের ওপরে চড়ে জানালা দিয়ে বাঘটিকে গুলি করে মারতে সক্ষম হন।পরিচালক থেও পাগেল স্থানীয় সংবাদপত্র দ্য এক্সপ্রেসকে এক সাক্ষাত্কারে বলেন, ‘এটি আমার জীবনের সবচেয়ে বিষাদের দিন।’সংবাদপত্রটির এক প্রতিবেদনে বলা হয়, চার বছর বয়সী আলতাই নামের সাইবেরীয় প্রজাতির বাঘটি ইংল্যান্ডের একটি প্রাণী উদ্যান থেকে আনা হয়েছিল। এ ঘটনার পর জার্মানির অন্যতম প্রাচীন এই চিড়িয়াখানা দর্শকদের জন্য আবার খুলে দেওয়া হয়। চিড়িয়াখানাটি ১৮৬০ সালে স্থাপিত হয়। এখানে প্রায় ৭০০ প্রজাতির ১০ হাজার প্রাণী আছে।