বাঘের খাঁচায় ঝাঁপ!
চিড়িয়াখানার ভেতর এলিভেটেড মনোরেলে (ঘুরে দেখার জন্য উঁচুতে চলমান রেলগাড়ি বিশেষ) করে ঘুরছিলেন যুবক। মনের সুখে দেখছিলেন রকমারি পশুপাখি। বাঘের খাঁচার সামনে আসতেই চিত্তচাঞ্চল্য ঘটল তাঁর। ভাবলেন, ‘লাফ দিয়ে ভেতরে যাই। দেখি কী হয়?’ ফল যা হওয়ার তা-ই। ২৫ বছরের ওই মুমূর্ষু যুবকের ঠিকানা এখন হাসপাতাল।গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রোঙ্কস চিড়িয়াখানার ভেতর এ ঘটনা ঘটে বলে রয়টার্সের খবরে জানানো হয়।খবরে বলা হয়, শুক্রবার বিকেলে ব্রোঙ্কস চিড়িয়াখানার ভেতর সাইবেরীয় ওই বাঘের খাঁচার কাছে মনোরেল পৌঁছার পর আচমকা লাফিয়ে পড়েন ওই যুবক। বেড়া সরিয়ে ঢুকে পড়েন খাঁচার ভেতর। এমন তোফা খাবার পেয়ে বিশালদেহী বাঘ কি আর ছাড়ে? ১০ মিনিট ধরে আচ্ছামতো কামড়ে গুরুতরভাবে আহত করে দেয় ওই যুবককে।পরে জরুরি উদ্ধারকর্মীরা অগ্নিনির্বাপকযন্ত্র দিয়ে বাঘটিকে সরিয়ে দেন। গুরুতর আহত ওই যুবককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।চিড়িয়াখানা ও অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, ১১ বছর বয়সী ওই পুরুষ বাঘটির ওজন ১৮০ কেজি। বাঘটি ওই যুবকের দুই বাহুতে কামড়ে বেশ কিছু গর্ত করেছে। তাঁর পা ও কাঁধের ওপরের হাড় ভেঙে গেছে। তাঁর একটি পা গুরুতর জখম হয়েছে।চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলেছে, তারা ঘটনাটি খতিয়ে দেখবে। চিড়িয়াখানার পরিচালক জিম বারহেনি বলেছেন, ‘এটা একটা ব্যতিক্রমধর্মী ঘটনা। কারণ ওই ব্যক্তি নিজেই নিজেকে বিপদগ্রস্ত করেছে। এ ক্ষেত্রে বাঘ খারাপ কিছু করেনি।’