বাঘের খাঁচায় ফেলেও আমাকে মারতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলার বোদা থানার সংগ্রাম কমিটির চেয়ারম্যান হিসেবে আমি পাঁচপীর, সাঁকোয়া, মাড়েয়া এবং দেবীগঞ্জ থানার শালডাঙ্গা ও পামুলী ইউনিয়নে সংগ্রাম পরিষদ গঠন করি। এরপর বোদা থানা থেকে রাইফেল নিয়ে আনসারদের দ্বারা কিছু যুবককে ট্রেনিং দেওয়ার চেষ্টা করি। ১৯৭১ সালের ৩ সেপ্টেম্বর কিছু রাজাকার পাকিস্তানি সেনাদের সহযোগিতায় আমাকে ধরে ফেলে। ৪ সেপ্টেম্বর সকালে বোদা থানা থেকে দুজন পুলিশ এসে আমার হাত ও চোখ বেঁধে বোদা থানায় নিয়ে আসে। আমি একজন পুলিশকে চোখে বাঁধা কাপড়টি খুলে দিতে বললাম। জানি না, সে কী মনে করে চোখের কাপড়টা খুলে দিল। চোখ খুলে দেখি, রাস্তার দুই পাশে নারী-পুরুষ আমার দিকে অশ্রুসিক্ত চোখে দেখছে। থানায় থানা অফিসার আমাকে বসতে বলল। দারোগা আমার নাম-ঠিকানা লিখে নিল।...দুজন পাঞ্জাবি আমার চোখ বেঁধে ফেলে এবং দুজন দুই বাহু ধরে আমাকে জিপ গাড়িতে উঠিয়ে নেয়। ধারণা করলাম, ঠাকুরগাঁও ক্যান্টনমেন্টে পৌঁছে গেছি। এমন সময় শুনতে পাই, আমার সামনে দিয়ে একজন লোক কাপ-পিরিচ নিয়ে যাচ্ছে। লোকটি দাঁড়ায় এবং উর্দু ভাষায় ওই দুই পাঞ্জাবিকে জিজ্ঞেস করে, ‘ইয়ে কোন হ্যায়।’ তখন ওরা বলে, ‘এ মুক্তিকা কর্নেল হায়।’ সঙ্গে সঙ্গে লোকটি আমার পেটে ভীষণ জোরে একটা লাথি মারে। সারা দিন সারা রাত অভুক্ত থাকার ফলে আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফেরার পর চোখ খুলতেই আমি দেখি, চারটি জীবন্ত বাঘের মাঝে আমি শুয়ে আছি। চোখ খোলার সাহস পেলাম না। কিছুক্ষণ পর বাঘ চারটি সরে গিয়ে খাঁচার পাশে বসে থাকল। আরপি এসে বাঘের খাঁচার দরজাটি বন্ধ করে দিল। ওই খাঁচাটি বাঘ রাখার জন্যই তৈরি করা হয়েছে বলে আমার ধারণা। মাঝখানে একটা পার্টিশন আছে। একটি দরজাও ওখানে রয়েছে। যখন আমাকে ভেতরে রাখা হয়েছিল, তখন বাঘ আর আমি একসঙ্গে অবস্থান করছিলাম। সে সময় বাঘ আমাকে কিছু না করায় তাদের পার্টিশনের মধ্যে বাঘ চলে যায়। এই দেখে তারাও অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর একজন পাঞ্জাবি এসে একখানা পোড়া রুটি বাঘের প্রস্রাবের ওপর ফেলে দেয়। ক্ষুধার তাড়নায় আমি ওই রুটিই বাধ্য হয়ে খাই এবং পানি খেতে চাইলে বাঘের প্রস্রাব মেশানো পানি আমাকে খেতে দেয়। ঠিক সন্ধ্যার সময় ওই কায়দায় একটি পোড়া রুটি আমাকে খেতে দেয়। আমি তা খাই। সন্ধ্যার পর আমি মেঝেতে বুক লাগিয়ে শুয়ে পড়ি। এমন সময় বাঘের বাচ্চাটি আমার কাছে চলে আসে এবং পায়ের মাঝখানে মাথা রেখে শুয়ে পড়ে। ভয়ে আমার পুরো শরীর কাঁপতে থাকে। মনে হয়, আমাকে রাতে তারা গুলি করে মারবে। সকালবেলা ঠিক ওইভাবে তারা একটি রুটি আমাকে খেতে দেয়। রুটি খাওয়ার পর বাঘের খাঁচা থেকে বের করে আমার দুই হাত বেঁধে একজন পাঞ্জাবি মেজরের কাছে নিয়ে যায়। সে চেয়ার থেকে উঠে তার হাতের বেতখানা দিয়ে আমার মাথায় মারতে শুরু করে। সাতটি বেত পর্যন্ত আমি বলতে পারি। তারপর অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরে দেখি, আমি আবার বাঘের খাঁচায় এবং খাঁচার মাঝখানের দরজা খোলা আছে। বাঘগুলো আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমি ভয়ে চোখ বন্ধ করি। কিছুক্ষণ পর বাঘ আবার তাদের জায়গায় চলে যায়। আরপি এসে তখন মাঝখানের দরজাটি বন্ধ করে দেয়। পরের দিন আমাকে ঠাকুরগাঁও জেলে পাঠিয়ে দিল। দুই দিন পর আমাকে এসডিও কোর্টে হাজির করাল। এসডিও তছলিমউদ্দীন সাহেব বাঙালি। তিনি আমাকে আবার জেলখানায় পাঠিয়ে দেন। পরের দিন আবার এসডিওর সামনে হাজির করে কোনো জিজ্ঞাসাবাদ না করেই তিনি আমাকে দুই বছর সশ্রম কারাদণ্ডের রায় পড়ে শোনান। কোর্ট থেকে বের হওয়ার সময় আমার লোকজনকে বললাম, তোমরা জজ সাহেবের কাছে আপিল করো। সেই মোতাবেক তারা আপিল করলে জজ সাহেব আমাকে জামিন দেন। জামিনের কাগজ জেলখানায় এলে জেলার আমাকে জেল থেকে বের করে।সঙ্গে সঙ্গে মিলিটারির গাড়ি এসে আমাকে ক্যান্টনমেন্ট নিয়ে যায় এবং মেজর বলে, ‘শালা তুম ভাগনেকা কওশিশ করতা হ্যায়।’ আমি বললাম, জি নেহি। জজ সাহেব হামকো বেল দিয়া হ্যায়। সে এসব কিছু বুঝতে চায় না এবং বেত নিয়ে আমাকে এলোপাতাড়ি মারতে শুরু করে। আমি জ্ঞান হারিয়ে ফেলি এবং জ্ঞান ফেরার পর দেখি, আবার আমি বাঘের খাঁচায় এবং বাঘ আমার চারদিকে ঘোরাফেরা করছে। অনুলিখন: শহীদুল ইসলাম, পঞ্চগড়