বাঘের থাবায় প্রাণ গেল একজনের
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারিয়েছেন খুলনার কয়রা উপজেলার নজরুল ইসলাম (৩৮)। আজ শুক্রবার ভোরে বনরক্ষীরা তাঁর লাশ উদ্ধার করেছেন। নজরুলের সঙ্গীরা জানান, সুন্দরবনের বানিয়াখালী স্টেশন থেকে মাছ ধরার অনুমতি নিয়ে সঙ্গীদের সঙ্গে বাড়াপোতা খালে মাছ ধরতে যান কয়রার ভান্ডারপোল গ্রামের নজরুল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর ওপর হামলা চালায় বাঘ। সঙ্গীরা চেষ্টা করেও তাঁকে বাঘের থাবা থেকে রক্ষা করতে পারেননি। পরে বনকর্মীদের খবর দিলে তাঁরা আজ ভোরে সুন্দরবনের ভেতরে তল্লাশি চালিয়ে নজরুলের লাশ উদ্ধার করেন।বানিয়াখালীর স্টেশন কর্মকর্তা ইব্রাহিম হোসেন প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাতে নজরুলের ওপর হামলা চালায় বাঘ। খবর পেয়ে আজ ভোরে তাঁর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে ১৯ নভেম্বর কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের নজরুল গাজী নামে আরেকজন বাঘের হামলায় প্রাণ হারান।