বাঘের বাচ্চা তিনটি শ্যামনগরের সুন্দরবন থেকে পাচার করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শ্যামলী থেকে গত সোমবার উদ্ধার হওয়া জয়, জুঁই ও যুঁথি নামের বাঘের বাচ্চা তিনটি এক মাস আগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন দিয়ে পাচার করা হয়। তদন্ত কমিটির কাছে শ্যামনগরের রমজাননগর এলাকার বাসিন্দারা এ তথ্য দেন।এলাকাবাসীর ভাষ্যমতে, গত ১৪ মে সুন্দরবনে মধু আহরণ করে ফেরার পথে কৌশলে বাঘিনীকে তাড়িয়ে দিয়ে তিনটি বাঘের বাচ্চা নিয়ে এলাকায় ফেরে সাতজনের একটি বনজীবী দল। তিন দিন চেষ্টা চালিয়ে সংঘবদ্ধ পাচার চক্রের সদস্য আবু ইছা, নুরুজ্জামান গাজী, মোস্তফা ও আমিনুরের কাছে বাচ্চাগুলো মাত্র ৩০ হাজার টাকায় বিক্রি করে তারা। পরে সাতক্ষীরা শহরের একটি পাচার চক্রের সদস্যদের কাছে বাচ্চাগুলো ছয় লাখ টাকায় বিক্রি করা হয়। পরে তা বিশেষ ব্যবস্থায় ঢাকায় পাঠানো হয়।খুলনা বিভাগীয় বন সংরক্ষক জহির উদ্দীন আহমদের নির্দেশে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা মোজাহারুল হক ও কৈখালী স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দীন। আজ শনিবারের মধ্যে কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।তদন্ত কমিটি গত বুধবার থেকে তাদের কাজ শুরু করে। প্রথম দিন শ্যামনগরের রমজাননগর এলাকার আবদুস সালাম, মোসলেম হোসেন, মিজানুর রহমান, আক্তার হোসেন ও মোশারফ হোসেনের সাক্ষ্য নিতে গেলে তাদের কাছে বাঘের বাচ্চা সংগ্রহ ও পাচারের ওই বর্ণনা দেওয়া হয়।সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম জানান, সুন্দরবন থেকে বাঘের বাচ্চাগুলো লোকালয়ে এনে সুন্দরবনসংলগ্ন কৈখালী ইউনিয়নের সাপখালী গ্রামের বেনো বেগমের বাড়িতে রাখা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বুধবার তদন্ত কমিটির সদস্যরা সেখানে পৌঁছার আগেই লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়।এদিকে, বন বিভাগের পক্ষ থেকে সাতজনের নাম উল্লেখ করে ১১ জনের নামে গত বুধবার শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দীন বাদী হয়ে রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের নুরুজ্জামান গাজী, আইয়ুব আলী, সামছুর, রইস উদ্দীন, মনিরুল ইসলাম, জহুর আলী, কৈখালী গ্রামের আবু ইছাসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে সুন্দরবন থেকে অবৈধভাবে বাঘের বাচ্চা সংগ্রহের পর পাচারের অভিযোগ আনা হয়েছে।গতকাল শুক্রবার সোরা গ্রামে গিয়ে নুরুজ্জামান গাজী, আয়ুব আলী ও কৈখালী গ্রামের আবু ইছাকে পাওয়া যায়নি। ওই এলাকার আয়ুব আলী ও শওকাত হোসেন জানান, ঢাকায় বাঘের বাচ্চা উদ্ধার হওয়ার খবর পাওয়ার পর থেকে তাঁরা পলাতক।সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, বাঘের বাচ্চা পাচারের সঙ্গে কারা জড়িত, কীভাবে পাচার করা হয়েছে, সুন্দরবনের কোন এলাকা থেকে, কীভাবে বাচ্চাগুলো ধরা হয়েছে—এসব বিষয়ে তদন্তের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে খুলনার বন সংরক্ষক আকবর আলীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন: সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকেশ চন্দ্র বিশ্বাস, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী, বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম ও মো. আলাউদ্দীন। কমিটি ১৭ জুন তদন্ত শুরু করবে। সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।বাচ্চাগুলো মিনি চিড়িয়াখানায় রাখার আবেদন: জয়, জুঁই ও যুঁথি বর্তমানে বাংলাদেশ বন্য প্রাণী সংরক্ষণ ও প্রতিপালন সমিতির মহাসচিব এবং ঢাকার হাতিরপুলে অবস্থিত মিনি চিড়িয়াখানার পরিচালক আবদুল ওয়াদুদের কাছে রয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবদুল ওয়াদুদ বেঙ্গল টাইগারের বাচ্চা তিনটি তাঁর মিনি চিড়িয়াখানায় রাখার আবেদন জানান।পরিবেশ ও বনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আবদুল ওয়াদুদ বলেন, বাচ্চাগুলো মিনি চিড়িয়াখানায় ধীরে ধীরে সুস্থ ও সবল হয়ে উঠছে। বেড়ে না ওঠা পর্যন্ত বাচ্চাগুলো এখানেই থাকতে পারে। তা না করে বোটানিক্যাল গার্ডেনের শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে রাখা হলে বাচ্চাগুলোর জীবননাশের শঙ্কা রয়েছে। কারণ, বাঘ শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বাস করে না। এর আগে গত বুধবার বিশেষজ্ঞ কমিটি বাচ্চা তিনটি মিরপুরে বোটানিক্যাল গার্ডেনে রাখার সিদ্ধান্ত দেয়।