বাঘের বাচ্চাগুলো নিরাপদে, হোতা চিহ্নিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১১ জুন সুন্দরবন থেকে ঢাকায় পাচার হয়ে আসা তিনটি বেঙ্গল টাইগারের বাচ্চা মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে ভালোই আছে। বেঁচে থাকা নিয়ে সংশয় কাটিয়ে উঠে এই দেড় মাসে তাদের ওজন দ্বিগুণের বেশি হয়েছে। কিন্তু বাঘের শাবক তিনটিকে কারা, কেন, কীভাবে ঢাকায় আনল, এখনো তার কোনো কিনারা হয়নি।বন বিভাগ, পুলিশ, র‌্যাব—সবাই তদন্ত ও অনুসন্ধান করেও এখনো ধরতে পারেনি পাচারকারী মূল চক্রটিকে। বিষয়টি আরও জোরালো হয়েছে খোদ বন বিভাগের বন্য প্রাণী রক্ষা বিভাগের প্রধান তপন কুমার দের বিরুদ্ধেই পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠায়। কিন্তু এত দিনেও জ্যেষ্ঠ এই কর্মকর্তাকে কোনো সংস্থা তদন্ত বা জিজ্ঞাসাবাদ করেনি বলে জানা গেছে।পাচারকারী হিসেবে র‌্যাবের হাতে আটক জাকির হোসেন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ও র‌্যাবের জিজ্ঞাসাবাদে বলেছিলেন, বন সংরক্ষক তপন দে কিনবেন এই আশ্বাসের পরিপ্রেক্ষিতেই বাঘের বাচ্চাগুলোকে রাজধানীর শ্যামলীর একটি বাসায় রাখা হয়। তদন্তের বাইরে কর্মকর্তা: জাকির গণমাধ্যমকে বলেন, বন্য প্রাণী সরবরাহকারী প্রতিষ্ঠানের যোগসাজশে ওই তিনটি বাঘের বাচ্চা বঙ্গবন্ধু সাফারি পার্কে দেওয়ার পরিকল্পনা ছিল। সাফারি পার্কের জন্য জুলাই মাসে ছয়টি বাঘ সরবরাহ করার জন্য দরপত্র দেওয়া হয়েছিল।তবে প্রধান বন সংরক্ষক ইউনুস আলীর কথা হচ্ছে, জাকির নিজেকে রক্ষা করতে তপন দের নাম জড়িয়েছেন। তপন দের বিষয়ে তদন্তের আগেই কিসের ভিত্তিতে এ কথা বলছেন, জানতে চাইলে ইউনুস আলী বলেন, ‘বন বিভাগ, র‌্যাব ও পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করেছে। তারা এর সত্যতা পায়নি।’বাঘের বাচ্চাগুলো কীভাবে সুন্দরবন থেকে পাচার করে ঢাকায় আনা হলো, তা অনুসন্ধান করতে বন বিভাগ দুটি তদন্ত কমিটি করে। র‌্যাবের পক্ষ থেকেও অনুসন্ধান করা হয়। রাজধানীর শেরেবাংলা নগর থানা ও সুন্দরবন-সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর থানায় এ নিয়ে মামলা হয়েছে। সাতক্ষীরার পুলিশ ইছা মিঞা নামের একজনকে গ্রেপ্তার করেছে। কিন্তু এ পর্যন্ত পাচারকারী চক্রের হোতাদের কেউ আটক বা চিহ্নিত করতে পারেনি। বাঘগুলোকে রাজধানীতে নিয়ে আসার কথিত নির্দেশদাতা তপন দের বিষয়ে তদন্ত হয়নি।তপন কুমার দে সম্পর্কে অতীতেও দুর্নীতি, অনিয়ম ও বন অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নগদ কোটি টাকাসহ আটক তৎকালীন প্রধান বন সংরক্ষক ‘বনের রাজা’ খ্যাত ওসমান গনি জেরায় পুলিশকে তপন দেকে দুর্নীতির সঙ্গে যুক্ত বলে উল্লেখ করেন। ওসমান গনির জবানবন্দিতে দুর্নীতির সঙ্গে জড়িত বলে যে ১০ বন কর্মকর্তার নাম আসে, তখনকার উপ-বনসংরক্ষক তপন দে তাঁদের অন্যতম। জানা আয়ের বাইরে সম্পত্তি থাকায় দুর্নীতি দমন কমিশন তাঁর বিরুদ্ধে মামলাও করে। উচ্চ আদালতে রিট করায় মামলাটি বর্তমানে স্থগিত। এ বিষয়ে তপন দের বক্তব্য হচ্ছে, ‘শত্রুতা করে’ তাঁর বিরুদ্ধে ওই মামলা করা হয়েছে। এর পরও তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম বছরেই তাঁকে বন্য প্রাণী ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়। বঙ্গবন্ধু সাফারি পার্ক এবং বন্য প্রাণী সংরক্ষণে আঞ্চলিক ব্যবস্থাপনা প্রকল্পেরও পরিচালক করা হয়।আসামির তালিকায় নেই বাহকের নাম!: শ্যামনগর থানার পুলিশ জানতে পারে, শ্যামলীর যে বাড়ি থেকে বাঘের বাচ্চাগুলোকে উদ্ধার করা হয়েছিল, তার মালিক আবদুল কাদেরের বড় ছেলে মাসুদ প্রাণীগুলোকে মাইক্রোবাসে করে ঢাকায় নিয়ে আসেন। কিন্তু বন বিভাগের কোনো মামলায় মাসুদকে আসামি করা হয়নি। তাঁর বাবা কথিত বন্য প্রাণী পাচারকারী আবদুল কাদেরও এখনো গ্রেপ্তার হননি। কাদের ও তাঁর পরিবারের অন্য সদস্যরা এর আগে একাধিকবার বন্য প্রাণী পাচারের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু প্রতিবারই তাঁরা জামিনে ছাড়া পেয়ে পুরোনো পেশায় ফিরে গেছেন।দরপত্রের সঙ্গে সঙ্গে পাচার: বঙ্গবন্ধু সাফারি পার্কের জন্য ছয়টি বাঘসহ ২২ প্রজাতির বন্য প্রাণী কেনার জন্য ৭ মে দরপত্র আহ্বান করেছিল বন বিভাগ। এর তিন দিনের মাথায় বাওয়ালিরা সুন্দরবন থেকে বাঘের বাচ্চা তিনটি ধরে। দরপত্র মূল্যায়ন কমিটির প্রথম সভা হয় ১৩ মে। পাচারকারীরা ১৫ মে বাচ্চাগুলোকে ঢাকায় নিয়ে আসে। নিয়ম অনুযায়ী দরপত্র গ্রহণের এক মাসের মাথায় বাঘসহ প্রাণীগুলো সাফারি পার্কে সরবরাহ করার কথা। ১১ জুন বাঘের বাচ্চাগুলো উদ্ধার করে র‌্যাব।