বাঘের সঙ্গে লড়াইয়ে মৃত্যু ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘের সঙ্গে ১০ মিনিট লড়াই করে সঙ্গীরা একজনকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। তবে আরেকজন বাঘের থাবায় প্রাণ হারিয়েছেন। আজ সোমবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন এলাকায় পৃথক এ দুুটি ঘটনা ঘটে।বাঘের হামলায় নিহত ব্যক্তির নাম মাজেদ গাইন (৪৫)। তিনি সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পারশেমারী গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তি আবদুর রউফ (২৫)। তিনি একই উপজেলার টেংরাখালী গ্রামের শহর আলী গাজীর ছেলে।প্রথম আলো ডটকমকে মাজেদ গাইনের সঙ্গী আকবর বখশের দেওয়া ভাষ্যমতে, আজ সকালে সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে অনুমতি নিয়ে তিনি ও মাজেদ গাইন সুন্দরবনের ভেতরে নদীতে কাঁকড়া ধরতে যান। সকাল নয়টার দিকে সুন্দরবনের ধলেরখালের চুনখালী এলাকায় কাঁকড়া ধরার সময় হঠাত্ একটি বাঘ মাজেদকে ধরে বনের ভেতরে যায়। খবর পেয়ে গ্রামবাসী সকাল সাড়ে ১০টার দিকে বনের ভেতর গিয়ে মাজেদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।আহত আবদুর রউফের সঙ্গী মহিদুল গাজীর ভাষ্যমতে, তাঁরা তিনজন গত শনিবার কৈখালী স্টেশন থেকে পাস নিয়ে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। আজ সকাল আটটার দিকে বড়মাথাভাঙ্গা এলাকায় নদীর ধারে কাঁকড়া ধরার সময় একটি বাঘ আচমকা রউফের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় মহিদুল গাজী নৌকার বৈঠা ও তাঁদের অপর সঙ্গী আবদুল মান্নান দা দিয়ে বাঘের মুখে আঘাত করেন। এভাবে ১০ মিনিট লড়াই চলার পর বাঘটি আবদুল রউফকে ছেড়ে দিয়ে বনের ভেতর চলে যায়। রউফকে আহত অবস্থায় তাঁর বাড়িতে স্থানীয় কবিরাজের মাধ্যমে চিকিত্সা দেওয়া হচ্ছে।পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশন কর্মকর্তা খান হাফিজুর রহমান প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।