বাঘের সঙ্গে সাঁতার!
বাঘের সঙ্গে সময় কাটানো। তা-ও আবার সাঁতার কাটা। শুনে ভিরমি খাওয়ার মতো অবস্থা হলেও দর্শনার্থীদের জন্য এমন প্রস্তাবই দিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ‘ওয়াইল্ড থিংস’ চিড়িয়াখানা কর্তৃপক্ষ। খবর টাইমস অব ইন্ডিয়ার।ফ্লোরিডার ড্যাড সিটির ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, দর্শনার্থীরা ২০০ ডলার খরচ করে বাঘের বাচ্চার সঙ্গে আধা ঘণ্টা সাঁতার কাটতে পারবে। তুলতে পারবে বাঘের সঙ্গে বিভিন্ন অভিজ্ঞতার ছবি। ভিডিওসহ একটি সিডিও পাবে। চিড়িয়াখানার পরিচালক ক্যাথি স্টেয়ার্নসের বরাত দিয়ে ‘নিউইয়র্ক ডেইলি নিউজ’ জানায়, এই অভিজ্ঞতা (বাঘের সঙ্গে সময় কাটানো) সবাইকে হতচকিত করে। লোকজন অবাক হয়, কীভাবে ওই প্রাণীগুলো (বাঘ) বাড়ির পোষা বিড়ালের মতোই আচরণ করে। স্টেয়ার্নস আরও বলেন, ‘খুব কম সংখ্যক মানুষই জানে কয়টি বাঘ সাঁতার কাটতে চায়। কারণ, অনেক বাঘের বাচ্চার স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। আট মাস বয়সী শাবক টনি এর একটি। শাবকটিকে কোনো কোনো সময় বিভিন্ন জনের পা চাটতে দেখা যায়। তবে এখন পর্যন্ত এটি কোনো দুর্ঘটনা ঘটায়নি।’ তিনি বলেন, টনির মতো শাবকগুলোর ওজন ৪০ পাউন্ড হওয়া পর্যন্ত দর্শনার্থীদের সঙ্গে সাঁতার কাটতে দেওয়া হয়।