বাঘের হামলায় জেলের মৃত্যু
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী ফরেস্ট স্টেশন এলাকায় বাঘের হামলায় এক জেলে মারা গেছেন। তাঁর নাম ছাত্তার কারিকর (৪০)। ছাত্তার শ্যামনগরের গোলাখালী গ্রামের ছুরাত কারিকরের ছেলে।বন বিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা এস এম জামাল প্রথম আলো ডটকমকে জানান, আজ ভোরে সুন্দরবনের মামুদা নদীসংলগ্ন রুচোখালীতে কাঁকড়া ধরার সময় বাঘ এসে ছাত্তার কারিকরকে বনের ভেতর নিয়ে যাওয়ার চেষ্টা করে। ছাত্তারের ভাতিজা মিরাজুল ও সিরাজুল বৈঠা দিয়ে আঘাত করে বাঘটিকে তাড়িয়ে দেন। গুরুতর আহত ছাত্তারকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁরা। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সকাল ১০টায় তাঁর মৃত্যু হয়।এস এম জামাল আরও জানান, নিহত ছাত্তার কারিকর বাঘ হত্যা মামলার আসামি। ২০১১ সালের মার্চ মাসে গোলাখালী গ্রামে চলে আসা ওই বাঘটিকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি বন বিভাগের অনুমতি ছাড়াই অবৈধভাবে কাঁকড়া ধরতে গিয়েছিলেন।