অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন
বাঙালি জাতীয়তাবাদের অহমিকা নেই, আছে পরমতসহিষ্ণুতা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালি জাতীয়তাবাদের অহমিকা নেই, আছে পরমতসহিষ্ণুতা। এ দেশের মানুষ তাই একে অন্যের সঙ্গে মিলেমিশে থাকে। প্রধানমন্ত্রী আজ সোমবার বিকেলে বাংলা একাডেমীতে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধনকালে এসব কথা বলেন। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী উদ্বোধনী স্মারকে স্বাক্ষর করেন এবং স্টল ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ভাষা আন্দোলনের অমর ইতিহাস তুলে ধরে বলেন, বর্তমান সরকার দেশের ক্ষুদ্র জাতিসত্ত্বার ভাষার অধিকারও রক্ষা করতে চায়। বাংলা সাহিত্যে বাংলা একাডেমীর অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটিকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার ঘোষণা দেন। বইকে মানুষের সবচেয়ে বড় সঙ্গী হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী সবাইকে বই কেনার আহ্বান জানান। বাংলা একাডেমীর সভাপতি কবীর চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান প্রমুখ।