বাঙালি পল্টন ও ঢাকা শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯১৬ সালের ৭ আগস্ট ঢাকায় লেজিসলেটিভ কাউন্সিলের সভায় গভর্নর লর্ড কারমাইকেল বাঙালি পল্টন গঠনের সরকারি সিদ্ধান্ত ঘোষণা করেন। ব্রিটিশ ভারতে বাঙালিদের নিয়ে এটিই প্রথম পল্টন। ইংরেজরা বাঙালিসহ বেশ কয়েকটি জাতিকে ‘অসামরিক জাতি’ মনে করত, তাই সামরিক বাহিনীতে এদের প্রবেশাধিকার ছিল না। নবগঠিত বাঙালি পল্টনের সরকারি নাম ছিল ‘বেঙ্গলি ডবল কোম্পানি’, যা পরবর্তী সময়ে ‘৪৯তম বেঙ্গলি রেজিমেন্ট’-এ রূপান্তরিত হয়। এই পল্টনের আয়ুষ্কাল ছিল মাত্র চার বছর।প্রথম মহাযুদ্ধে পরাজয় ঠেকানোর জন্য ইংল্যান্ডের অনেক সৈন্য প্রয়োজন হয়, এ ছাড়া বাঙালিসহ ভারতীয়দের আর্থিক সমর্থনও জরুরি ছিল। ফলে আগে যেসব জাতি থেকে সৈনিক নেওয়া হতো না, সেখান থেকেও সৈনিক সংগ্রহ শুরু হয়। বাঙালির জন্য তার ‘অসামরিক জাতি’র দুর্নাম ঘোচানোর সুযোগ এসে যায়। সারা বাংলার নেতারা উঠেপড়ে লেগে যান বাঙালি পল্টন গঠনের জন্য। নিজেরা অর্থ, শ্রম ও সময় দিয়ে বাঙালি পল্টন গঠনে তৎপর হন। তাঁরা বাঙালি পল্টন গঠনকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করেন। প্রথমবারের মতো এ ধরনের সুযোগ পাওয়ায় শহুরে মধ্যবিত্ত ও শিক্ষিত শ্রেণী বা ‘ভদ্রলোক শ্রেণী’র তরুণদের মধ্যেও উত্তেজনার সৃষ্টি হয়। ঢাকা শহরেও এর ঢেউ এসে লাগে। চার বছর ধরেই বাঙালি পল্টনকে ঘিরে ঢাকা শহরে চলতে থাকে বহুমুখী তৎপরতা।শুরুতে ঢাকায় বাঙালি পল্টনের জন্য সৈনিক ভর্তির দায়িত্ব দেওয়া হয় আর কে দাস ও শরৎচন্দ্র চক্রবর্তীকে। পরে ‘বেঙ্গলি রেজিমেন্ট কমিটি’র ঢাকা শাখা গঠিত হলে এর সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন যথাক্রমে জেলা কালেক্টর এস জি হার্ট, শ্রীশচন্দ্র চট্টোপাধ্যায় এবং গৌরনিতাই শংখনিধী। বিশিষ্ট বক্তা সুরেন্দ্রনাথ ব্যানার্জির সভাপতিত্বে ঢাকায় প্রথম সৈনিক ভর্তি সভা অনুষ্ঠিত হয় ১৯১৬ সালের সেপ্টেম্বরের চতুর্থ সপ্তাহে। ঢাকা শহরে শ্রীশচন্দ্র চট্টোপাধ্যায় এবং হাকিম হাবিবুর রহমানের বাসায় সৈনিক ভর্তির কার্যক্রম চালু হয়। সভায় পাঁচজন তরুণ পল্টনে ভর্তির জন্য এগিয়ে আসেন। সামরিক কর্তৃপক্ষ ২৮ সেপ্টেম্বর ঢাকা শহরে সৈনিক ভর্তি চালু করে, এর দায়িত্ব দেওয়া হয় ক্যাপ্টেন ডালাস স্মিথকে। ঢাকার প্রথম দল পল্টনে যোগ দিতে ১৯ অক্টোবর কলকাতা হয়ে নওশেরা রওনা দেয়। বেশ ধুমধামের সঙ্গে ওই দিন তাদের বিদায় দেওয়া হয়। বেলা সাড়ে ১১টায় ঢাকা বার লাইব্রেরিতে নির্বাচিতদের মাল্যদান করা হয়। নেতাদের সংক্ষিপ্ত ভাষণ আর প্রার্থনা দিয়ে অনুষ্ঠান শেষ হয়। তারপর বাদক দল সহযোগে শোভাযাত্রা করে নির্বাচিতরা রেলস্টেশনে আসেন। সারা পথে দর্শকেরা শোভাযাত্রাকে স্বাগত জানায় এবং মুহুর্মুহু ‘আল্লাহ্ আকবার’ ও ‘বন্দে মাতারাম’ স্লোগান দেয়।১৯১৭ সালের ১৪ ফেব্রুয়ারি নবাব হাবিবুল্লাহর সভাপতিত্বে সদরঘাটে একটি সভা অনুষ্ঠিত হয়। বেশ কিছু তরুণ পল্টনে যোগ দেওয়ার উদ্দেশে এগিয়ে আসেন, নবাব হাবিবুল্লাহ নিজেও পল্টনে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। এপ্রিল মাসে ঢাকায় প্রাদেশিক রিক্রুটিং বোর্ডের দপ্তর খোলা হয়। ২৬ এপ্রিল নবাব হাবিবুল্লাহ বাঙালি পল্টনে যোগদানের উদ্দেশে ঢাকা থেকে করাচি রওনা হন। বিকেলে বার অ্যাসোসিয়েশন হলে আনন্দচন্দ্র রায়ের সভাপতিত্বে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। মাল্যদান, বক্তৃতা আর হর্ষধ্বনির মধ্য দিয়ে সভা শেষ হয়। নবাবের পল্টন যাত্রায় উদ্বুদ্ধ হয়ে ওই সভায় তিনজন তরুণ পল্টনে যোগদানে এগিয়ে আসেন। এরপর বেশ কয়েক দফায় বাঙালি যুবকেরা পল্টনে যোগ দেন। করাচি যাত্রার আগে এসব তরুণ সামরিক পোশাক পরে বাদ্যবাজনা সহযোগে শহর প্রদক্ষিণ করেন। বিভিন্ন শংখনিধি হাউসে, করনেশন পার্কে ও রেলস্টেশনে তাঁদের বিদায় সংবর্ধনার আয়েজন করা হয়। এ বছর ৩ জুন বিকেলে ইস্টবেঙ্গল ইনস্টিটিউশনে বাঙালি পল্টন গঠনে সহযোগিতা করার জন্য ‘মহিলা সমিতি’র ঢাকা শাখা গঠন করা হয়। সমিতি পল্টনের সৈনিকদের ব্যবহার্য বিভিন্ন জিনিস, যেমন—মিষ্টি, আচার, সরিষার তেল, কম্বল, বালিশ, খেলাধুলা ও বিনোদনসামগ্রী ইত্যাদি পাঠাত। এরই মধ্যে কলকাতা ও করাচি ডেপোতে নবনির্বাচিত সৈনিকের সংখ্যা এত বেড়ে যায় যে তাঁদের আবাসন সংকট দেখা দেয়, ফলে ১৯১৮ সালের সেপ্টেম্বর মাসে ঢাকায় নির্বাচিত সৈনিকদের জন্য সাময়িকভাবে ‘ঢাকা ডেপো’ চালু করা হয়।১৯১৮ সালের ১১ নভেম্বর প্রথম মহাযুদ্ধের বিবদমান দুই দল যুদ্ধবিরতি ঘোষণা করে। ২৭ নভেম্বর সারা ঢাকায় ঢোল পিটিয়ে বিশ্বযুদ্ধ সমাপ্তির ঘোষণা দেওয়া হয়। ২৯ নভেম্বর পল্টন ময়দানে আনন্দ উৎসব করা হয়। উৎসবে সেনাবাহিনী কুচকাওয়াজ করে। শহরের অন্যান্য স্থানেও আনন্দ উৎসব হয়। রাতে শহরে আলোকসজ্জা করা হয়। যুদ্ধ সমাপ্তির খুশিতে ৩০ নভেম্বর বুড়িগঙ্গার তীরে গরিব-মিসকিনদের খাওয়ানো হয়। রাতে আহসান মঞ্জিলে আলোকসজ্জা করা হয়। ১৮ ডিসেম্বর থেকে শহরের বিভিন্ন স্থানে বিনা পয়সায় যুদ্ধের সিনেমা দেখানো হয়।২৭ ডিসেম্বর নবাব হাবিবুল্লাহ যুদ্ধের ময়দান থেকে ফিরে আসেন, প্রায় পাঁচ হাজার লোক তাঁকে রেলস্টেশন থেকে মিছিল করে আহসান মঞ্জিলে নিয়ে যান। নবাবের ফেরত আসা উপলক্ষে পথে পথে অনেক তোরণ তৈরি করা হয়। ১৯১৮ সালের শেষের দিকে বাঙালি পল্টনের ভাঙন শুরু হয়, যা ১৯২০ সালের মধ্যে শেষ হয়। বাঙালি পল্টন ইতিহাসের পাতায় ঠাঁই নেয়।