বাঙালি-পাহাড়ি শান্তি শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য জেলা রাঙামাটির থমথমে ভাব কাটতে শুরু করেছে। গত কয়েক দিনের সংঘর্ষ, পারস্পরিক অবিশ্বাস ও ভীতি দূর করে পাহাড়ি-বাঙালির মধ্যে শান্তি-সম্প্রীতি আনতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আজ মঙ্গলবার সকালে একটি শান্তি শোভাযাত্রা বের করা হয়। রাঙামাটি শহরের নতুন পৌরসভা ভবন থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শোভাযাত্রাটি শেষ হয়। শোভাযাত্রায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, চাকমা রাজা দেবাশীষ রায়, জেলা প্রশাসক মোস্তফা কামাল, পুলিশ সুপার মাসুদ-উল হাসান, রাঙামাটি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সারওয়ার আলম, জনসংহতি সমিতির শীর্ষস্থানীয় নেতা ঊষাতুন দেওয়ান প্রমুখ অংশ নেন। বিপুলসংখ্যক পাহাড়ি-বাঙালি এই শোভাযাত্রায় যোগ দেয়। এদিকে শহরের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। কদিন বন্ধ থাকা দোকানপাট আজ খুলতে শুরু করেছে। পুলিশ ও সেনাসদস্যদের টহল চলছে। অফিস-আদালতে লোকজন যাচ্ছেন। গাড়ি চলাচলও শুরু হয়েছে।জেলা প্রশাসন আইনশৃঙ্খলা বিষয়ে জরুরি বৈঠকে বসেছে। এতে পাহাড়ি ও বাঙালি নেতারাও অংশ নিয়েছেন। গত শনিবার সকালে রাঙামাটি সরকারি কলেজে দুই ছাত্রের মধ্যে হাতাহাতির ঘটনা থেকে শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে, যা গতকাল সোমবার রাতে প্রত্যাহার করা হয়েছে।