বাঙালি সংস্কৃতি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন
‘কালচারাল ডাইভারসিটি মিনিস্ট্রিয়াল ফোরাম অব দি এশিয়া প্যাসিফিক রিজিয়ন’ সম্মেলন আগামী ৯ থেকে ১১ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। গতকাল জাতীয় কমিটির আহ্বায়ক ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, এ পর্যন্ত ৪৩টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ৩২টি দেশ সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। সম্মেলনে আসার জন্য ২২টি স্বল্পোন্নত দেশের একজন প্রতিনিধিকে বাংলাদেশের পক্ষ থেকে বিমানের টিকিট সরবরাহ করা হবে।সম্মেলনে বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতি ও ঐতিহ্য উপস্থাপন করা হবে। পাশাপাশি এশিয়া প্যাসিফিক অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যও তুলে ধরা হবে। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন: তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন প্রমুখ।