বাঙালিকে আত্মপরিচয় দেওয়া রমনা রেসকোর্স নিজেই পরিচয়হীন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঘোড়দৌড় উপলক্ষে এবারও ঢাকার সমগ্র অফিস-আদালত বন্ধ হইয়া ছিল। শনিবার একেবারেই বন্ধ, মঙ্গল ও বৃহস্পতিবার নামমাত্র কিছুকালের জন্য খোলা ছিল, কোন কার্য হয় নাই।’এর পরিণামটি হলো—মামলা-মোকদ্দমার কাজে দূরদূরান্ত থেকে বহু লোক টাকা-পয়সা খরচ করে ঢাকা শহরে এসে দেখেন অফিস-কাছারি বন্ধ। তারা ‘মনস্তাপে গভর্নমেন্টকে গালি দিতে দিতে প্রত্যাবর্তন করিয়াছে।’ উচিত ছিল এমন আচমকা অফিস-কাছারির কপাট বন্ধ না করে দিয়ে আগাম একটা ছুটির ঘোষণা দেওয়া।ছুটির নামটি কী হবে, সে ধারণাও দেওয়া হয়েছিল। ‘হর্সেরেস হলিডে’ নামের এই ছুটির ঘোষণা যদি ‘গভর্নমেন্ট প্রচার করেন, তবে লোকের বহু ক্ষতি নিবারণ হইতে পারে।’এই খবরটি শতাব্দীপ্রাচীন। ঢাকা প্রকাশ পত্রিকায় ১৮৯৫ সালে প্রকাশিত। এই খবর থেকে একালের ঢাকা তথা দেশবাসী তৎকালের ঢাকার ঘোড়দৌড়ের বিপুল জনপ্রিয়তা সম্পর্কে আঁচ করতে পারবে।ঘোড়া অবশ্য এখনো দৌড়ায় এই শহরে, তবে মাঠে নয়, রাজপথে। হাড়-জিরজিরে চেহারা, লক্কড়-ঝক্কড় গাড়ি টানতে টানতে বাস, মিনিবাস, স্কুটার, রিকশার ভিড়ভাট্টার ভেতর দিয়ে তারা ধুঁকতে ধুঁকতে এগিয়ে চলে পুরান ঢাকার পথে। আর যেখানে শতবর্ষ আগে অশ্ব গোত্রের গর্বিত সন্তানেরা তাদের বিদ্যুৎগতিতে ধাঁধা লাগিয়ে দিত হাজারো জনতার উৎসুক দৃষ্টি, সেই ময়দানটিও অবলুপ্ত। ‘রমনা রেসকোর্স’ বলে ঢাকায় এখন আর কোনো স্থানের অস্তিত্ব নেই, সেখানে এখন একাংশে সবুজের সমাবেশ ‘সোহরাওয়ার্দী উদ্যান’, আর খানিকটায় নানা রকমের ক্রীড়া সরঞ্জামে সজ্জিত বাচ্চাকাচ্চাদের বিনোদনকেন্দ্র ‘কেন্দ্রীয় শিশুপার্ক’।ঘোড়া হচ্ছে আভিজাত্যের প্রতীক। লবণ, চামড়া ইত্যাদির ব্যবসায় প্রভূত অর্থবিত্ত লাভ করে ঢাকার নবাব বংশের প্রতিষ্ঠাতা খাজা আলীমুল্লাহ যখন বিশাল ভূ-সম্পদের অধিকারী হলেন, তখন সামাজিক শরাফত লাভের প্রত্যাশায় তিনি উন্নত জাতের আরবি ঘোড়া আমদানি করেছিলেন এই শহরে। ঐতিহাসিকের নোটবুক বইতে ইতিহাসবিদ সিরাজুল ইসলাম লিখেছেন, ‘আভিজাত্য অভিলাষী আলীমুল্লাহ একদিন তাক লাগিয়ে দিলেন সমস্ত ঢাকাবাসীদের। ১৮৩১ সালের জানুয়ারি মাসের এক সন্ধ্যায় লাহোরের বিখ্যাত ঘোড়া সরবরাহকারী জবরদস্ত খান ঢাকায় এসে উপস্থিত। সঙ্গে এনেছেন এক ডজন উচ্চ জাতের আরব্য ঘোড়া।’ পিতার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অশ্ব অনুরাগের সঙ্গে বাণিজ্যিক সংযোগ স্থাপন করে ঢাকায় পেশাদারি ঘোড়দৌড় চালু করেছিলেন তদীয় পুত্র খাজা আবদুল গনি। হূদয় নাথের ঢাকা শহর বইতে ঐতিহাসিক মুনতাসীর মামুন লিখেছেন, ‘এক ধরনের নতুন ব্যবসা হিসেবে ঘোড়দৌড় চালু করেছিলেন নবাব গনি।’রমনায় ঘোড়দৌড়ের মাঠটি তৈরি করেছিলেন ঢাকার ম্যাজিস্ট্রেট চার্লস ড’স। তিনি ১৮২৫ সালে ঢাকা জেলের কয়েদিদের দিয়ে তিন মাস ধরে জঙ্গল কেটে রমনার খানিকটা অংশ পরিচ্ছন্ন করে তোলেন। জায়গাটির চারপাশে কাঠের বেড়া দিয়ে তৈরি করেন ‘রেসকোর্স’। তাঁর জানার কথা নয় যে ডিম্বাকৃতির যে জায়গাটি তিনি তৈরি করলেন ঘোড়া দৌড়ানোর জন্য, প্রায় দেড় শ বছর পর সেই স্থানটিই পরিণত হবে বাংলার ইতিহাসের গৌরবদীপ্ত অচ্ছেদ্য অংশ। এখান থেকেই ঘোষিত হবে বাংলার স্বাধীনতা, এখানেই স্বাক্ষরিত হবে বাঙালির পরাধীনতা মুক্তির দলিল। ঐতিহাসিক রমনা রেসকোর্স পরিচিত হবে এক নতুন নামে।মোগলরা বাগানের অনুরাগী ছিলেন। তাঁরাই প্রথম ভারতে আধুনিক উদ্যান রচনার পথিকৃৎ। যেখানেই গেছেন তাঁরা, বাগান করেছেন। ঢাকায় ১৬১০ সালে যখন মোগল শাসন পাকাপোক্ত হলো, তখনই রমনার পত্তন। এক মনোরম বাগান রচনা করেছিলেন তাঁরা এখানে। এর নাম ছিল ‘বাগ-ই-বাদশাহী’। মোগল আমলে সুজাতপুর মহল্লা ও চিশতিয়া মহল্লা নামে মোগল অমাত্যদের বসবাসের জন্য অভিজাত আবাসিক এলাকা হিসেবে রমনা গড়ে ওঠে।ইস্কাটন থেকে নীলক্ষেত, সচিবালয়, মেডিকেল কলেজ অবধি পুরোটাই ছিল রমনা। ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তরের পর রমনা এলাকাটি জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে। কোম্পানি আমলে রমনার জঙ্গল নানা রকম জন্তুর আবাসে পরিণত হয়েছিল। ড’স সেই জঙ্গল কাটিয়ে তৈরি করেন রমনা রেসকোর্স। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য রয়েছে মুনতাসীর মামুনের ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী বইতে। তিনি একটি চমৎকার মন্তব্য করেছেন, ‘মুঘলরা যেখানে গিয়েছিলেন সেখানে করেছিলেন বাগান আর ইংরেজরা রেসকোর্স।’রেসকোর্সে শুধু ঘোড়দৌড়ই হতো না, সাহেবরা সেখানে পলোও খেলতেন। চমৎকার একটি শহরতলিতে পরিণত হয়েছিল রমনা এলাকাটি। ১৮৪০ সালের দিকে এখানটায় অনেকেই বাগানবাড়ি করেছিলেন। এর মধ্যে অবসরপ্রাপ্ত জজ জন ফ্রান্সিস গ্রিফিতের বাড়িটি পরে কেনেন নবাব আবদুল গনি। এরপর তাঁরা বংশপরম্পরায় এলাকাটিকে উন্নত করে তোলেন। এলাকাটির নাম দিয়েছিলেন তাঁরা শাহবাগ। আবদুল গনি ১৮৮৫ সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে বংশানুক্রমিক নবাব উপাধি লাভ করেন। তারপর থেকেই শাহবাগে প্রতি পয়লা জানুয়ারিতে তিনি নববর্ষ উৎসবের আয়োজন করেন। সে সময় শাহবাগের বর্ণনা দিতে গিয়ে হাকিম হাবিবুর রহমান তাঁর পাচাশ বরস পহেলে বইতে লিখেছেন, ‘সুবানাল্লাহ, শাহবাগ বাগান ছিল যেন বেহেস্তের নমুনা।’ নবাবদের তত্ত্বাবধানে শাহবাগ যেমন অতি মনোরম হয়ে উঠেছিল, তেমনি রেসকোর্সে ঘোড়দৌড় দারুণ জমে উঠেছিল। বাংলাপিডিয়ায় উল্লেখ করা হয়েছে, নবাবদের আস্তাবল ছিল মহসীন হলের উত্তর দিকে। ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চল এমনকি কলকাতা থেকেও ঘোড়া আসত ঢাকার রেসকোর্সে দৌড় দিতে। হাজার হাজার টাকার বাজি। হুমড়ি খেয়ে পড়ত ঢাকাবাসী। সে যে কেমন উত্তেজনা, তার আভাস তো প্রথমেই দেখা গেছে ঢাকা প্রকাশের খবরে।রমনা এলাকার পরিবেশ বদলে যায় বঙ্গভঙ্গের পর। শাহবাগ এলাকা ছিল নবাবদের মালিকানায়। উত্তর দিকের অংশে গড়ে উঠে মিন্টো রোডে সরকারি কর্মচারীদের বাসভবন। এর নাম হয় রমনা সিভিল স্টেশন। এই সিভিল স্টেশন, রমনা পার্ক আর রেসকোর্স মিলিয়ে তিন ভাগে ভাগ হয়ে যায় মোগল আমলের রমনা।পাকিস্তান আমলেই সরকারি ঘোষণা দিয়ে রমনা রেসকোর্স ময়দানে ঘোড়দৌড় বন্ধ করে দেওয়া হয়েছিল। ঘোড়দৌড় বন্ধ হয়ে যাওয়ার পর বিরান শ্রীহীন মাঠটি গণজাগরণের মাঠে পরিণত হয়। এই ময়দান থেকেই বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ। মোহাম্মদ আলী জিন্নাহ এখানে ভাষণ দিতে গিয়ে উর্দু রাষ্ট্রভাষা হবে বলে ঘোষণা করলে বাঙালিরা তাৎক্ষণিক প্রতিবাদে ‘না’ ‘না’ ধ্বনিতে তা প্রত্যাখ্যান করেছিল। গণ-অভ্যুত্থানে কারামুক্ত শেখ মুজিবুর রহমানকে ১৯৬৯ সালে সংবর্ধনা দেওয়া হয় রমনা রেসকোর্স ময়দানে। সেই জনসমাবেশে তাঁকে ভূষিত করা হয় ‘বঙ্গবন্ধু’ উপাধিতে। রেসকোর্স ময়দান আবার বিক্ষুব্ধ গণসমুদ্রে পরিণত হলো ১৯৭১ সালের ৭ মার্চ। বঙ্গবন্ধু সেই গণসমুদ্রের সামনে দাঁড়িয়ে দিলেন তাঁর কালজয়ী ভাষণ, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। তার আগে নয় মাস দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত বিজয়ের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অপরাহ্নে এই ময়দানেই আত্মসমর্পণের দলিলে জেনারেল নিয়াজির স্বাক্ষরদানের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। রমনা রেসকোর্সে আরও একটি ঐতিহাসিক জনসমাবেশ হয়েছিল ১৯৭২ সালের ১৭ মার্চ। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাংলাদেশ সফরকালে এখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। তিনি ও বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন বিশাল সেই জনসমাবেশে।১৯৭৫ সালের পর জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবময় এই স্থানটিও বদলে ফেলা হলো। মাঠের উত্তর প্রান্তের একাংশে স্থাপন করা হলো শিশুপার্ক। দক্ষিণের পুরো অংশজুড়ে রোপণ করা হলো গাছপালা। রমনা রেসকোর্স হারিয়ে গেল দৃষ্টির সামনে থেকে।রমনা রেসকোর্সের এই নাম বদল ইতিহাসবিদদের বিপাকে ফেলেছে সবচেয়ে বেশি। ঐতিহাসিক সিরাজুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ কোথায় দিয়েছিলেন, কোথায় পরাজিত পাক সেনারা আত্মসমর্পণ করেছিল? এসব প্রশ্নের উত্তর কি হবে, রমনা না সোহরাওয়ার্দী উদ্যান? ঘুরিয়ে বলতে হচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যান অর্থাৎ প্রাক্তন রমনা রেসকোর্স ময়দান। এই ঐতিহাসিক স্থানটির নাম বারবার উঠে আসবে ভবিষ্যতেও। লিখতে গিয়ে বারবার লিখতে হচ্ছে রমনার নতুন নাম সোহরাওয়ার্দী উদ্যান। এই স্থানের নাম পরিবর্তন না করাই ভালো ছিল। একান্তই পরিবর্তন করলে এর নাম হতে পারত “স্বাধীনতা উদ্যান”। ঐতিহাসিক রমনাকে সোহরাওয়ার্দী উদ্যান নাম দেওয়া অযৌক্তিক।’ কে জানে পালাবদলের প্রক্রিয়ায় আত্মপরিচয় হারানো রমনা রেসকোর্স আবার কোনো দিন তার স্বনামে পরিচিত হবে কি না?