বাঙালিদের অধিক পছন্দ বেসামরিক শাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ নভেম্বরের ‘সিপাহি বিদ্রোহ’ হলো ঢাকায় রুটি-রুজির প্রশ্নে। আর মার্কিন গণমাধ্যমে একে দেখা হলো ‘বাংলাদেশ-ভারত’ পরিস্থিতি হিসেবে। তবে মার্কিন দলিল থেকে দেখা যায়, সিপাহি বিদ্রোহের দুই সপ্তাহ আগে সেনাবাহিনীর বিরুদ্ধে কাদের সিদ্দিকীর সশস্ত্র গ্রুপের একটি অ্যামবুশের (অতর্কিত আক্রমণ) ঘটনা ভারতীয় মনোভাব সম্পর্কে একটা সংশয় সৃষ্টি করে। এর আগে অব্যাহতভাবে জল্পনা-কল্পনা চলে, ভারত বাংলাদেশে হস্তক্ষেপ করতে পারে। এমনকি তেহরানের মার্কিন দূতাবাস ২৮ আগস্ট, ১৯৭৫ বোস্টারকে জানায়, ‘বাংলাদেশের রাষ্ট্রদূত দোহা টেলিফোন করে বলেন, তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খাটকের কাছ থেকে এই মাত্র জানতে পেরেছেন, চীনা রাষ্ট্রদূত হাও তাঁকে (খাটক) জানিয়েছেন, ভারতীয় সামরিক ট্যাংক ইউনিটগুলো “আমাদের” সীমান্তে সমাবেশ ঘটাচ্ছে বলে তিনি খবর পেয়েছেন। তিনি জানতে চাইলেন, তাঁদের (যুক্তরাষ্ট্র) না জানিয়ে এ তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব কি না। কারণ তাঁদের যোগাযোগব্যবস্থা শিথিল ও অনিশ্চিত।’উল্লেখ্য, ব্যাংককের মার্কিন দূতাবাসকে ফারুক রহমান বলেছিলেন, চীন ভারতের বিরুদ্ধে সামরিক শক্তির একটা মহড়া দেখিয়েছে।ইরানের মার্কিন দূতাবাসের কর্মকর্তা হেলমস লিখেছেন, ‘আমি যখন তাঁকে বললাম, নিজেদের বার্তাবাহক হিসেবে চিহ্নিত না করে এ কাজ করা সম্ভাব নয়, তখন তিনি দ্বিধায় পড়লেন এবং বললেন, এ নিয়ে আমার সঙ্গে আর কথা বলবেন না। পরে আমি বিষয়টি নিশ্চিত হতে সরাসরি পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বললাম। তাঁর ভাষ্য ছিল আরও কম ইতিবাচক। তিনি চীনা রাষ্ট্রদূতের দেওয়া খবরকে যথেষ্ট দুর্বল হিসেবে উল্লেখ করেন।’২১ অক্টোবর, ১৯৭৫ ডেভিস বোস্টার তাঁর একটি বার্তায় আওয়ামী লীগের সংসদীয় দলের একটি বৈঠক ও সশস্ত্র প্রতিরোধের বিষয়ে ওয়াশিংটনে একটি বার্তা পাঠান। এতে তিনি লিখেছেন, তুলনামূলক স্থিতিশীলতার পর দুটো ঘটনা ঘটল, যা মোশতাক সরকারের স্থিতিতে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। প্রথমত, ১৬ অক্টোবর সাংসদদের বৈঠকে কতিপয় সদস্য মোশতাকের শাসনের বিরোধিতা করেন।দ্বিতীয় ঘটনা ঘটে এর চার দিন আগে। ব্রহ্মপুত্র নদের এক দ্বীপে একটি সফল অ্যামবুশ হয়। উভয় ঘটনা সরকারের নিয়ন্ত্রণ প্রশ্নে শঙ্কা সৃষ্টি করলেও বর্তমানের জন্য তাকে মারাত্মক হুমকি নয় বলেও বোস্টার উল্লেখ করেন।সেই সংসদের একজন প্রবীণ সাংসদ গতকাল এ প্রতিবেদককে বলেন, ‘এ বৈঠকের কথা আমি জানি না। তবে আগস্টের শেষ সপ্তাহে মোশতাক বঙ্গভবনে বৈঠক করেছিলেন। আমি সেখানে ছিলাম। সেখানে মোশতাক আলোচনার একপর্যায়ে ভারতের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, অনেকে সীমান্তের ওপারের সাহায্যের আশায় আছেন, সেটা হবে না।’বোস্টার লিখেছেন, ‘১৬ অক্টোবর এমপিদের সঙ্গে মোশতাকের বৈঠক ব্যাপক প্রচার পেয়েছে। আশা করা হয়েছিল, মোশতাক সরকারের কার্যক্রম এ বৈঠকে বৈধতা পাবে। সরকারের পরিবর্তন নিয়ে একটা সিদ্ধান্ত হবে। কিন্তু কিছুই ঘটেনি। উপরন্তু সাত ঘণ্টার বৈঠককালে ১২ জন এমপি সমালোচনামূলক বক্তব্য দেন। সংসদকে আস্থায় না নেওয়ায় এই এমপিরা মোশতাককে দায়ী করেন বলে জানা যায়। তাঁরা চতুর্থ সংশোধনী বিলোপে চাপ দেন এবং এখনই সংসদীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের দাবি তোলেন। কতিপয় এমপি নতুন সরকারের আমলে হয়রানির শিকার বলে অভিযোগ করেন। অন্যরা প্রশ্ন তোলেন, শেখ মুজিবের পরিবারের সদস্যদের হত্যা করা প্রয়োজনীয় ছিল কি না। জবাবে মোশতাক তাঁদের বলেন, বাকশাল বিলোপের পর থেকে তাঁদের আসলে কোনো প্রকৃত অবস্থান নেই। সে কারণে তিনি সংসদ বিলোপ করে দিতে পারেন। এ বৈঠকের অভিজ্ঞতা সুখকর ছিল না।’কাদের বাহিনীর ফাঁদ: বোস্টার এরপর উল্লেখ করেন, ‘উত্তর-পূর্বাঞ্চলীয় পাবনা জেলায় “ব্যাঘ্র” হিসেবে পরিচিত কাদের সিদ্দিকী একজন “মুক্তিযোদ্ধা”। পার্শ্ববর্তী টাঙ্গাইলে তিনি গভর্নর নিযুক্ত হয়েছিলেন। তিনি নিজেকে শেখ মুজিবের চতুর্থ পুত্র মনে করেন। টাঙ্গাইলের ডেপুটি কমিশনার আমাদের বাঙালি রাজনৈতিক সহকারীকে বলেছেন, ১৫ আগস্টের অভ্যুত্থানের পর থেকে এ এলাকায় কাদের সিদ্দিকীর এক দল অনুসারী অবস্থান করছে। ১২ অক্টোবর টাঙ্গাইলের সামরিক বাহিনী অবহিত হয়, কাদের সিদ্দিকীর ২০০ অনুসারী ব্রহ্মপুত্র নদসংলগ্ন এক দ্বীপে লুকিয়ে আছে। তাদের ওপর দ্বিমুখী হামলার প্রস্তুতি নেওয়া হয়। একটি হেলিকপ্টারযোগে ওই দ্বীপে এক প্লাটুন সৈন্য অবতরণ করে। অন্য একটি দল নৌকাযোগে দ্বীপে পৌঁছানোর চেষ্টা করে। আসলে যে ব্যক্তি এ খবর সেনাবাহিনীকে পৌঁছে দেন, তিনি ছিলেন কাদের বাহিনীর সদস্য। এই সদস্য সামরিক বাহিনীর জন্য একটি ফাঁদ তৈরি করেছিলেন। হেলিকপ্টারটি ওই দ্বীপে পৌঁছানোর পরপরই বন্দুক হামলার কবলে পড়ে। এ ঘটনায় একজন ক্যাপ্টেন ও দুজন সেনাসদস্য নিহত হন। হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলেও ফিরে আসতে সক্ষম হয়। নৌকাযোগে যাঁরা গিয়েছিলেন, তাঁরাও ফিরে আসেন। এরপর পাবনা ও ময়মনসিংহ থেকে টাঙ্গাইলে সৈন্যসংখ্যা বৃদ্ধি করা হয়। এরই মধ্যে সেখানে এক ব্যাটালিয়ন সৈন্যের সমাবেশ ঘটে।’বোস্টার লিখেছেন, ‘এই দুটো পৃথক ঘটনা মোশতাক সরকারের ভবিষ্যতের ওপর একটা ছায়া ফেলছে। গত ৩ অক্টোবর, ১৯৭৭ সালের মধ্যে সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার বিষয়ে মোশতাকের যে ঘোষণা, তাতে এখন অনিশ্চয়তা শুরু হয়েছে। কাদের সিদ্দিকীর ভূমিকা সবচেয়ে চক্রান্তমূলক। আমাদের বলা হয়েছে, যদি তিনি এবং তার অনুসারীরা শুধু নিজেদের তরফেই এ কাণ্ড ঘটিয়ে থাকেন, তাহলে আমরা দেখি, তিনি যে জনপ্রিয়তা পাচ্ছেন সেটা থাকছে না। বড় প্রশ্ন হলো, কাদের সিদ্দিকী বাইরের সমর্থন পাচ্ছেন কি পাচ্ছেন না। অনেক বাঙালি মনে করে, ভারতীয়রা তাঁকে সমর্থন দিচ্ছে। ১৫ আগস্টের অভ্যুত্থানের পর তিনি ভারতে পালিয়ে যান এবং তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে ভারতীয়দের সঙ্গে কাজ করছেন। এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে তাঁর পক্ষে অনিষ্টকর কিছু করার ক্ষমতা আরও বেশি তীব্র ও অশুভ হবে।’ওই ঘটনার বিষয়ে মন্তব্য চাওয়া হলে কাদের সিদ্দিকী গতকাল প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমি টেলিফোনে বিস্তারিত বলতে চাই না। তবে ওই ঘটনা ঘটেছিল। জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদ আমি করেছিলাম। কিন্তু আমি ভারতের সঙ্গে কাজ করিনি। ওই ঘটনার সময় আমি ভারতেও যাইনি।’ তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘বোস্টার সাহেবরা তো আমাদের প্রতিবাদকে ছোট করে দেখেছিলেন।’জনপ্রিয় জিয়া: ৮ নভেম্বর, ১৯৭৫ বোস্টার এক তারবার্তায় লিখেছেন, ‘গতকালের ঘটনার পর ঢাকা পুনরায় শান্ত। দোকানপাট খুলেছে। যানবাহন স্বাভাবিকভাবে চলছে। বাংলাদেশ বিমান অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু করেছে এবং বাঙালিরা আবার তাদের কাজকর্মে স্বাভাবিকভাবে ফিরে যাবে বলে মনে হচ্ছে। আমরা এ পর্যন্ত যেটুকু বুঝতে পারি, তার প্রথম কথা হলো, ভারতের প্রতি তীব্র ভীতি ও অবিশ্বাস । জেনারেল খালেদ মোশাররফের (যাঁর পদোন্নতি মৃত্যুর পর প্রত্যাহার করা হয়) বিরুদ্ধে জনপ্রিয় অভ্যুত্থান ইঙ্গিত দেয়, তিনি যদি ক্ষমতায় থাকতেন, তাহলে তা ভারতেরই স্বার্থ রক্ষা করত। বোস্টার এই বার্তাটিতেও পুনর্ব্যক্ত করেন, এ কথা সত্য কি না সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো, এই বিশ্বাসের শক্তি। বাঙালিরা অতীতের যেকোনো সময়ের তুলনায় ভারতের প্রতি অধিকতর স্নায়বিক দুর্বলতায় ভুগবে। তাদের মনে শঙ্কা থাকবে, নয়াদিল্লি হয়তো মোশাররফকে উৎখাতের ঘটনার বদলা নেবে। টাঙ্গাইলের ঘটনা এবং খালেদ মোশাররফের ক্ষমতা দখলকে দিল্লির প্রতিশোধপরায়ণতার অংশ হিসেবে দেখা হচ্ছে।‘দ্বিতীয় কথা হলো, বাংলাদেশ সামরিক বাহিনীর বিশেষ করে সেনাবাহিনীর মৌলিক দুর্বলতা। খালেদ মোশাররফকে উৎখাত ও সেনাপ্রধান হিসেবে জেনারেল জিয়াউর রহমানের উত্থান ঘটানো নন-কমিশন্ড অফিসার ও সেপাইদের কাজ। আমরা যেটুকু বুঝতে পারি, সেপাইরা তাঁদের অফিসারদের জেনারেল জিয়াকে বন্দিদশা থেকে মুক্ত করতে বাধ্য করেন এবং তাঁরা একই সঙ্গে মোশাররফের পিছু নেন। ফলে মোশাররফের মৃত্যু ঘটে।‘৭ নভেম্বর যত গোলাগুলির আওয়াজ শোনা গেছে, তা ছিল আনন্দসূচক। সেটা লড়াইয়ের ছিল না। এ পর্যন্ত আমরা যতটা আঁচ করতে পারি, দিনজুড়ে সেপাইরা নিয়ন্ত্রণের বাইরে ছিলেন। অনেকেই উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়িয়েছেন। ৭ নভেম্বর রাতে কারফিউ জারি করা হয়েছিল। সেনাবাহিনীতে এখন শৃঙ্খলা ফিরিয়ে আনা এক বিশাল কাজ। বিশেষ করে তারা যখন নানা উপদলে বিভক্ত। এমনকি সেনা কর্মকর্তাদের মধ্যেও বিভক্তি রয়েছে। একদিকে যাঁরা একাত্তরে যুদ্ধ করেছেন এবং অন্যদিকে ১৯৭৩ সালের শরৎকাল পর্যন্ত যাঁরা পাকিস্তানে ছিলেন তাঁরা। ৭ নভেম্বরের ঘটনাবলি ইঙ্গিত দেয়, কর্মকর্তাদের ওপর সেপাইদের নিয়ন্ত্রণ আমরা যতটা ভেবেছিলাম, তার চেয়ে অনেক দুর্বল। আর যেখানে ভারতভীতি ছাড়াও অন্যান্য বিষয় সম্পৃক্ত রয়েছে, সেখানে সাধারণ সৈনিকেরা নিশ্চল হয়ে থাকবেন, তার কোনো নিশ্চয়তা নেই।‘তৃতীয়ত, বেসামরিক শাসনে উত্তরণে বাঙালিদের আকাঙ্ক্ষা। জেনারেল জিয়া ৭ নভেম্বর সম্পূর্ণ ক্ষমতা করায়ত্ত করার একটি চমৎকার সুযোগ পেয়েছিলেন। তিনি চাইলেই ক্ষমতা নিতে পারতেন। রাজপথে আমরা ৭ নভেম্বর যা দেখেছি, তা যদি কোনো অর্থ বহন করে থাকে, তাহলে এটাই প্রমাণ দেয়, জিয়ার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। কিন্তু তিনি প্রধান সামরিক আইন প্রশাসক সায়েমের অধীনে তিনজনের অন্যতম উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেন।’বোস্টার এই পর্যায়ে জিয়া সম্পর্কে যে মন্তব্য করেন, তা পরবর্তীকালে অবশ্য প্রমাণিত হয়নি। গোড়ায় জিয়া সামরিক বাহিনীকে রাজনীতিতে না জড়ানোর অঙ্গীকার করেছিলেন। বোস্টার লিখেছেন, ‘একটা হয়তো যুক্তি খাড়া করা যায় যে, জিয়া সিদ্ধান্তে পৌঁছান, বাংলাদেশের ভবিষ্যতের জন্য সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া উচিত হবে না। কিংবা সেনাবাহিনীর সুনামও ঝুঁকিপূর্ণ করা ঠিক হবে না। যার মানে দাঁড়ায়, একটি অকার্যকর প্রশাসন। আমরা এই উপসংহার টানছি যে, সামরিক বাহিনী এই স্বীকৃতি দিয়েছে, বাঙালিদের কাছে শেষ পর্যন্ত বেসামরিক শাসনই অধিকতর পছন্দনীয়। মেজররা যখন মুজিবকে উৎখাত করেন, তাঁরা কিন্তু দ্রুত মোশতাককে হাজির করেন। আর যখন মোশাররফ উৎখাত হন, তখন তাঁরা হাজির করেন সায়েমকে।আশ্রয়: পঁচাত্তরের ১৫ আগস্টের পর খুনি চক্র যেমন, তেমনি শেখ ফজলুল হক মনির পরিবারও মার্কিন দূতাবাসে আশ্রয় চেয়েছে। এবার জানা গেল, পঁচাত্তরের নভেম্বরের ঘটনাকে কেন্দ্র করেও যে নিরাপত্তাহীনতা দেখা দেয়, সেখানে মার্কিন দূতাবাসকেই ভরসা হিসেবে দেখেছিলেন অন্তত একজন সেনা কর্মকর্তা। ৯ নভেম্বর বোস্টার জানিয়েছেন, মইনুল ইসলাম নামের একজন উইং কমান্ডার আশ্রয় চেয়েছিলেন। ১৯৫৮ সাল থেকে ইউএসএইডের উপপরিচালকের সঙ্গে তাঁর পরিচয় ছিল। তিনি যে আমাদের আশ্রয় চেয়েছেন, তা বাংলাদেশের কোনো কর্তৃপক্ষের জানা নেই। মইনুল বিশ্বাস করেন, সেনাবাহিনী ও বিমানবাহিনীর শৃঙ্খলা ভেঙে পড়ায় সব কর্মকর্তা বিপদে আছেন। ৮ নভেম্বর সন্ধ্যায় তিনি এইড পরিচালককে ফোন করেন। তিনি বলেন, আগামীকাল পর্যন্ত যেন তাঁকে থাকতে দেওয়া হয়। মইনুল বর্তমানে ৮৬, গুলশানে এইড উপপরিচালক ডেভিড উইলসনের বাসভবনে রয়েছেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান ঢাকার অন্যত্র আত্মগোপন করে আছেন। তাঁর আশঙ্কা, সেনাবাহিনী ও বিমানবাহিনীর অনিয়ন্ত্রিত সেপাইদের হাতে তাঁর জীবন হুমকির সম্মুখীন। মইনুল পাকিস্তান সেনাবাহিনীতে ১৯৫৭ সালে যোগ দেন। ১৯৭১ সালে তিনি পাকিস্তানে আটকে পড়েছিলেন। তিনি সম্ভবত চুয়াত্তরের গোড়ায় বাংলাদেশে ফিরে আসেন।’ (শেষ)