বাঙালির নাড়ির টান
আমাদের স্বাধীনতার সঙ্গে বইমেলার নাড়ির সম্পর্ক। এই মেলার জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশে। স্বাধীনতা নিয়ে যেমন আমাদের গর্ব হয়, বইমেলা নিয়েও হয়। আর একুশের স্মৃতি তো আগাগোড়া মেলার সঙ্গে জড়িয়ে আছেই। একুশে বইমেলা বলতে তাই পাঁচিলঘেরা একটা জায়গা, বইপত্রের স্টল, লোকের ভিড়ভাট্টা, সভা-সেমিনার, খোলা মঞ্চের গান—নিছক এই সব আমরা বুঝি না। এগুলো একুশের উদ্যাপনের অংশ তো বটেই, কিন্তু বইমেলা এসব ছাড়িয়ে আরও বেশি কিছু। বইমেলা হয়ে উঠেছে আমাদের জাতীয় মিলনমেলা।বইমেলায় নানা ধরনের বইপত্র আসবে। মেলায় কত বেশি মানসম্মত বই আসবে, সেটা নির্ভর করবে পাঠকের ওপর। পাঠক যদি মানসম্মত বই কেনেন, তাহলে বইয়ের মান বাড়বে। ভালো বই পাঠকের গোচরে আনতে গণমাধ্যমের বিশেষ ভূমিকা আছে। কিন্তু এ ক্ষেত্রে তাদের খুব আগ্রহী মনে হয় না। গ্রন্থ আলোচনাও ভালো বই চেনার ক্ষেত্রে পাঠকের জন্য উপকারী হয়। আলোচনা পড়ে পাঠক বুঝে নিতে পারেন, কোন বইয়ের মান কেমন। তবে শেষ বিচারে এটা হয়তো পাঠকেরই কর্তব্য। পাঠকের রুচি যদি বাস্তবনিষ্ঠ, সমাজঘনিষ্ঠ বইয়ের আদলে গড়ে ওঠে, তবে পাঠক মননশীল বই খুঁজবেন।বইমেলার পরিসর বাড়ানোর ক্ষেত্রে আমার মত হলো, মূল অনুষ্ঠান (উদ্বোধন বা সেমিনার) বাংলা একাডেমীতেই হবে। শিল্পকলা একাডেমী, বাংলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট—শুধু এ রকম প্রতিষ্ঠানগুলোর স্টল বসবে এখানে। আর বাণিজ্যিক প্রকাশকদের স্টল থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে। এই দুই ভেন্যু পাশাপাশি হওয়ায় যোগসূত্র বজায় থাকবে। বইয়ের মোড়ক উন্মোচিত হবে বাংলা একাডেমীর নজরুল মঞ্চে। তারপর বই চলে যাবে খেলার মাঠে, বইয়ের স্টলে। রাস্তার দুই ধারে স্টল সাজিয়ে লোকজন বসবে, এটা-ওটার পসরা থাকবে। তাহলে অবিচ্ছিন্ন একটি বইমেলার এলাকা গড়ে উঠবে।যুবক বয়সে যেমন আবেগ-অনুভূতি ছিল, এখন নানা বিষয়েই সেগুলো কমে গেছে। আমাদের এখন অপরাহ্নের সময়, সবকিছুই আমরা অন্য দৃষ্টিতে দেখি। বইমেলা নিয়ে সেই আবেগ এখন আর নেই। মেলায় যাই নতুন বই খুঁজতে। বয়স বেড়েছে, স্বাস্থ্যের দিকে নজর রাখতে হয়। ভিড়ভাট্টা, ধুলাবালি এড়িয়ে চলতে আগেভাগে মেলায় যাই। আড্ডা দেওয়ার সুযোগ তেমন পাই না। তবু নতুন বই বা পুরোনো বন্ধু দেখলে একটা ‘অবদমিত’ আবেগ টের পাই। খুব উচ্চকিত নয়, কিন্তু আবেগটা থাকে।এখন বইমেলায় ঢুকলে চিত্তরঞ্জন সাহার কথা খুব মনে পড়ে। ১৯৭২ সালে মুক্তধারার এই প্রকাশক বাংলা একাডেমীর প্রাঙ্গণে বইপত্র নিয়ে বসে পড়েছিলেন। গ্রামের একটা মেলার মতো লাগছিল। জিজ্ঞেস করতেই উনি বলেছিলেন, এভাবে যদি বই জনপ্রিয় করা যায়। তাঁর সঙ্গে কথা বলে এত ভালো লাগল। সেদিন এই প্রাঙ্গণে তিনি ছিলেন একা। আজ লাখ লাখ মানুষ মেলায় আসছে। বাংলা একাডেমীর কোথাও চিত্তরঞ্জন সাহার উল্লেখ দেখি না। তারা একটা জাদুঘর করেছে। সেখানে চিত্তরঞ্জন সাহার নামে একটি ফলক থাকা উচিত। বইমেলার উদ্গাতা তো তিনিই। তাঁর এই অবদান ভোলার নয়। ভুলে গেলে সেটা অকৃতজ্ঞতা হবে।হাসনাত আবদুল হাই: কথাসাহিত্যিক