বাঙালির পবিত্র সম্মিলন
সারা বছর প্রকাশকেরা এই বইমেলার জন্য অপেক্ষা করে থাকেন। অনেক ক্রেতাও আছেন, মেলা থেকে পছন্দ-সই বই কিনবেন, এ জন্য টাকা জমিয়ে রাখেন। এর মধ্যে কিছুটা অ্যামেচার ভাব আছে। বই তো উপলক্ষ করে বেরোবার জিনিস শুধু নয়। সারা বছরই বই বের করার, কেনাকাটার দরকার আছে। এটা বইয়ের সংস্কৃতির সমস্যা। কিন্তু বইমেলা থেকে আমাদের প্রাপ্তি হলো, আমরা একটা জাতীয় মেলা পেয়েছি। মেলা বাংলা একাডেমীতেই হচ্ছে এখনো। জনসংখ্যা বাড়ছে। শিক্ষিতের হার বাড়ছে, সেই সঙ্গে পাঠকের সংখ্যাও বাড়ছে। ফলে চার-পাঁচ বছর পর মেলা বাংলা একাডেমীতে করা হয়তো সম্ভব হবে না। এত ক্ষুদ্র পরিসরে এত লোকের সমাগম ঘটলে নানা অসুবিধা। তা ছাড়া দুর্ঘটনার ঝুঁকিও বেশি থাকে। বইমেলাকে ভালো চোখে দেখে না, এ রকম পশ্চাৎপদ লোক বাংলাদেশে অনেকেই আছে। সে কারণে আরেকটু খোলামেলা জায়গায় মেলা সরিয়ে নিলে সব দিক থেকেই সুবিধা হয়। এ ক্ষেত্রে সোহরাওয়ার্দী উদ্যান একটা বিকল্প হতে পারে।বইমেলায় অনূদিত বইয়ের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু অনুবাদের কথা কেউ বলে না। উপন্যাস কয়টা এল, ছড়া বা প্রবন্ধের বই কত এল—এসব কথা বলা হয়। কিন্তু অনুবাদকে অবহেলা করার কোনো কারণ নেই। তথাকথিত সৃজনশীল লেখার চেয়ে একটা ভালো অনুবাদের বই হাজার গুণ শ্রেষ্ঠ। ষোড়শ শতাব্দীর ব্রিটিশ সাহিত্যের প্রায় পুরোটাই অনুবাদের ওপর দাঁড়িয়েছে। শেক্সপিয়ারের সমস্ত লেখালেখি অনূদিত সাহিত্যের ভিত্তিতে রচিত। যেসব পৌরাণিক আখ্যান থেকে তিনি নাটক রচনা করেছেন, তার প্রায় সবই তিনি জেনেছেন অনুবাদ পড়ে। অনুবাদের সংখ্যা যেমন বেড়েছে, তেমন অনেক ভালো অনুবাদের বইও বেরোচ্ছে। তবে প্রচুর বাজে অনুবাদ আছে। কিছু কিছু অনুবাদ হচ্ছে মেশিনের মতো, গুগল ট্রান্সলেটরের কাছাকাছি। ওসব পড়ে কেউ অনুপ্রাণিত বোধ করবে কি না, বলা দুষ্কর। ভালো অনুবাদের জন্য ‘লক্ষিত ভাষা’র ওপর অনুবাদকের ভালো দখল থাকা দরকার।বাংলা একাডেমীর জন্ম হয়েছে ভাষা আন্দোলনের ভিত্তিতে। এতে কোনো সন্দেহ নেই, বইমেলার সবচেয়ে যোগ্য আয়োজক বাংলা একাডেমী। এই মেলার সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। বাংলাদেশের নানা প্রান্ত থেকে লোকজন মেলায় আসছে, বাচ্চাদের হাত ধরে মেলার মধ্যে ঘুরছে—এটা খুবই পবিত্র একটা দৃশ্য। এই পবিত্রতাকে কদর্যতা বা নোংরা রাজনীতির আঁচ থেকে বাঁচিয়ে রাখতে হবে। মেলার সঙ্গে আমাদের ভাষাভিত্তিক জাতীয়তার সম্পর্ক নিবিড়। সেই দিকটা যেন আমরা কখনো ভুলে না যাই। খালেকুজ্জামান ইলিয়াস: ইংরেজি সাহিত্যের অধ্যাপক ও অনুবাদক